23 C
Kolkata
Tuesday, March 3, 2026
spot_img

বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল, ফের বোমাতঙ্কে কৃষ্ণনগর পোস্ট অফিস

Aaj India Desk, নদিয়া : সোমবার বিকেলে হঠাৎই থমকে যায় নদিয়ার কৃষ্ণনগর (Krishnanagar) পোস্ট অফিসের স্বাভাবিক কাজকর্ম। কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও আতঙ্ক। বিকেল প্রায় ৫টা নাগাদ পোস্ট অফিসে একটি ই-মেল আসে, যেখানে দু’ঘণ্টার মধ্যে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। বার্তাটি ছড়িয়ে পড়তেই গোটা চত্বর জুড়ে চাঞ্চল্য তৈরি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির ই-মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় কৃষ্ণনগর (Krishnanagar) কোতওয়ালি পুলিশ থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বোম্ব স্কোয়াড। এরপরই নিরাপত্তা বলয় তৈরি করে গোটা চত্বর খালি করে দেওয়া হয়। কর্মী ও সাধারণ মানুষকে বাইরে সরিয়ে নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। তবে দীর্ঘক্ষণ অনুসন্ধানের পরও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে জানায় পুলিশ। প্রশাসন জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি ভুয়ো হুমকি বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহেও টানা দু’দিন একই ধরনের বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল কৃষ্ণনগর পোস্ট অফিসে। সেই সময়েও দীর্ঘক্ষণ তল্লাশির পর কিছুই মেলেনি।

ধারাবাহিক ঘটনায় চিন্তিত প্রশাসন 

এদিকে শুধু কৃষ্ণনগর (Krishnanagar) নয়, রাজ্যের একাধিক জেলায় একই ধরনের হুমকি ই-মেল পাঠানো হয়েছে বলে জানা গেছে। আসানসোল, বসিরহাট এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় পোস্ট অফিস ও পাসপোর্ট সেবা কেন্দ্রে গত কয়েক দিনে বোমা হুমকি আসে। সব ক্ষেত্রেই তল্লাশির পর তা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। শুক্রবার হুগলির হেড পোস্ট অফিস, যেখানে পাসপোর্ট সেবা কেন্দ্রও রয়েছে, সেখানেও ই-মেল পেয়ে পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই পরিস্থিতি তৈরি হয় শ্রীরামপুর উপ-ডিভিশনাল পোস্ট অফিসে।

পুলিশ সূত্রে খবর, একাধিক ই-মেলে দাবি করা হয়েছে, আগের সতর্কবার্তাগুলি ছিল প্রশাসনের প্রস্তুতি যাচাই করার ‘পরীক্ষা’। রাজ্যজুড়ে আদালত ও বিভিন্ন সরকারি দপ্তরেও গত কয়েক দিনে একই ধরনের হুমকি এসেছে। প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তা তল্লাশির পর কোনও বিস্ফোরক মেলেনি।তবে এখনও পর্যন্ত এই ধারাবাহিক হুমকি ই-মেলের নেপথ্যে কারা রয়েছে বা কী উদ্দেশ্যে এগুলি পাঠানো হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য হাতে পায়নি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি সরকারি দপ্তরগুলিতেও আপাতত উচ্চ সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন