Aaj lndia Desk,কলকাতা: আসন্ন নির্বাচনে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় নির্বাচন কমিশন ( Election Commission of India)। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার থেকে শুধুমাত্র ভোটগ্রহণ কক্ষের ভিতরেই নয়, ভোটকেন্দ্রের চারপাশেও সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
নির্বাচন কমিশনের (Election Commission) এই সিদ্ধান্তে স্পষ্ট জানিয়েছেন – ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। বিশেষ করে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বুথগুলিতে নজরদারি আরও কড়া করা হবে বলে সূত্রের খবর।
প্রতিটি নির্বাচনের সময়ই বুথ দখল, অশান্তি বা অনিয়মের অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই এবার আগাম প্রস্তুতি হিসেবে বুথের ভেতরের পাশাপাশি বাইরে নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মতে, এতে ভোটাররা নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোট দিতে পারবেন।
কী থাকবে নজরদারির আওতায়?
- ভোটকেন্দ্রের প্রবেশ ও প্রস্থান পথ
- বুথ সংলগ্ন এলাকা
- ভোটারদের সারিবদ্ধ অবস্থান
- সন্দেহজনক গতিবিধি
সব ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে প্রয়োজনে তদন্তে তা ব্যবহার করা যায়। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সম্ভাব্য সংবেদনশীল বুথ চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রশাসনের শীর্ষ কর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রযুক্তিগত নজরদারিও বাড়ানো হবে।
রাজনৈতিক মহলের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এতে নির্বাচনী প্রক্রিয়ার ওপর সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।
নির্বাচন যত এগোচ্ছে, ততই বাড়ছে প্রস্তুতির গতি। এখন দেখার, এই কড়া নজরদারি কতটা প্রভাব ফেলে ভোটে ময়দানে ।


