স্নেহা পাল, কলকাতা: রাজ্য জুড়ে চলতে থাকা SIR নিয়ে আর সময় নষ্ট করতে রাজি নয় কমিশন। শনিবারের মধ্যেই সব নোটিশ ইস্যু করার নির্দেশ দিলো নির্বাচন কমিশন।
SIR নিয়ে শুক্রবার ফুল বেঞ্চ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal) এবং স্পেশাল রোল অবজারভাররা। দিল্লি থেকে আসা অবজারভাররাও ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে SIR শুনানি শেষ করা সম্ভব হবে কি না জানতে চান। উত্তরে রাজ্যের তরফে জানানো হয়, কয়েকটি জেলায় নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষ নাও হতে পারে।
এই প্রেক্ষিতে কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, নোটিশ ইস্যুর ক্ষেত্রে আর সময় বাড়ানো যাবে না। শনিবারের মধ্যেই SIR সংক্রান্ত সব নোটিশ ইস্যু করতে হবে এবং রবিবারের মধ্যে শুনানিতে ডাক পাওয়া সকল ভোটারের কাছে নোটিশ পৌঁছে দিতে হবে।
কমিশন আরও নির্দেশ দেয়, শুধুমাত্র কমিশন নির্দেশিত নির্দিষ্ট ডকুমেন্টই আপলোড করতে হবে। অন্য কোনও নথি আপলোড করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে ERO ও AEROদের আবার সতর্ক করেন মুখ্য নির্বাচন কমিশনার। দিল্লি থেকে আসা অবজারভারদেরও একই বার্তা দেওয়া হয়।
রাজ্যে SIR কাজের অগ্রগতি নিয়ে নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করে। তবে আগের দফায় SIR প্রক্রিয়ায় একাধিক ত্রুটি সামনে এসেছিল বলে নির্বাচন কমিশনের নথি ও অভিযোগে উল্লেখ রয়েছে। নো-ম্যাপিং ভোটার, লজিক্যাল ডিসক্রিপেন্সি (logical discrepancy) এবং তথ্যগত অসঙ্গতির কারণে বহু ভোটারকে বারবার শুনানিতে ডাকা হয়েছিল। কিছু ক্ষেত্রে অসম্পূর্ণ বা ভুল ডেটার ভিত্তিতে নোটিশ ইস্যু হওয়ার অভিযোগ করা হয়, আবার নির্ধারিত ডকুমেন্টের পরিবর্তে ভিন্ন নথি আপলোড করার ঘটনাও ধরা পড়ে। এর ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং প্রশাসনিক স্তরে প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কর্তৃপক্ষকে। এই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার সময়সীমা, নোটিশ ইস্যু ও ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কড়া নির্দেশ জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, নির্দিষ্ট নিয়মের বাইরে অন্য কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না।


