স্নেহা পাল, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) বুধবার জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (JibanKrishna Saha) এবং মিডলম্যান প্রসন্ন রায়ের (Prasanna Roy) অ্যাপার্টমেন্ট, ভিলা এবং জমির প্লট সহ মোট ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
মামলা অনুসারে, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ এবং গ্রুপ C ও গ্রুপ D নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছিল। গতকাল x (পূর্বে twitter) এ পোস্টের মাধ্যমে সেই দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা (JibanKrishna Saha) ও তার সাথে যুক্ত অন্যান্যদের সম্পত্তি কলকাতার রাজারহাট (Rajarhat), নিউটাউন (Newtown) থেকে উত্তর ২৪ পরগনা , মুর্শিদাবাদ (Murshidabad) ও পূর্ব বর্ধমান (Bardhaman) পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছে ED।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, জীবনকৃষ্ণ সাহা (JibanKrishna Saha) অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা গ্রহণের পরিকল্পনা ও হ্যান্ডলিং দেখতেন। প্রসন্ন রায় (Prasanna Roy) ছিলেন প্রধান মিডলম্যান, যিনি সহযোগীদের সঙ্গে মিলে প্রচুর অর্থ আদায় করতেন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ
এ পর্যন্ত এই মামলায় ৬৯৮ কোটি টাকার নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ED সূত্রে জানা গেছে, জীবনকৃষ্ণ ও প্রসন্নর বিরুদ্ধে বেনামে সম্পত্তি কেনা এবং বিনিয়োগের প্রমাণও মিলেছে। তদন্ত এখনও চলছে এবং অন্য দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সরকারি চাকরি ও নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সাথে আরো ব্যক্তি জড়িত বলে অভিমত ED-র।
ED জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের আর্থিক লেনদেন ও সম্পত্তির হিসাব বিস্তারিত যাচাই করা হবে। এর মাধ্যমে আরও দোষীদের চিহ্নিত করা এবং সম্পদের প্রকৃত মালিকানা নির্ধারণ করা সম্ভব হবে।


