Aaj India, কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। সামনে আসছে ঝড়, বৃষ্টি আর শিলাবৃষ্টির দাপট – কিছুটা সতর্ক, কিছুটা স্বস্তির খবরও থাকছে (Weather Update)।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
উত্তরবঙ্গে আগামীকাল বিশেষভাবে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update)।
ঝড়ের দাপটও কম নয় – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার ও রবিবারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে, তবে ঝড়ের গতি ধীরে ধীরে কমবে। এই দুই দিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, ঝড়ের গতিবেগ হতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
আজ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই সম্ভাবনা বেশি। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে – প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আগামীকাল দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে – পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা সহ অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। ঝড়ের গতিবেগ হতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
কলকাতার আবহাওয়া:
কলকাতায় দিনের দিকে তাপমাত্রা বাড়বে, যদিও সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় তা আরও বাড়তে পারে। আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে, মাঝে সামান্য সময়ের জন্য আংশিক মেঘলা হতে পারে। শুক্রবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দিনের দিকে মেঘ বাড়বে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আরও এক দফা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কালবৈশাখীর ইঙ্গিত। বিশেষ করে শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি (Weather Update)।


