Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর সদরে প্রচারে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সকালে পুরীগেট এলাকায় তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কয়েকজন বিক্ষোভকারী তাঁর গাড়িতে থাপ্পড়ও মারেন। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও তাঁর নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবেই সামাল দেওয়া সম্ভব হয়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় উচ্ছেদের নোটিস দিয়েছে রেল, যার জেরে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। সেই সময় বিজেপির (BJP) কোনও নেতা-কর্মীকে এলাকায় দেখা যায়নি বলেই দাবি বাসিন্দাদের। এমনকি দিলীপ ঘোষও তখন আসেননি। কিন্তু ভোট ঘোষণার পরেই তিনি প্রচারে হাজির হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন মানুষজন।
এই ঘটনাকে কেন্দ্র করে ২৭ নম্বর পুরসভার পুরীগেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ -দু’ধরনের স্লোগান শোনা যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
স্থানীয়রা দিলীপ ঘোষের গাড়ির পথ আটকে দাঁড়িয়ে পড়েন। বিক্ষোভকারীদের মধ্যে মহিলারাও ছিলেন, এবং তাঁরা শুধু দিলীপ ঘোষই নন, উপস্থিত বিজেপি কর্মীদের দিকেও তীব্র চিৎকার-চেঁচামেচি করেন। ক্ষুব্ধ জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত কোনওক্রমে পরিস্থিতি সামলে দিলীপ ঘোষের গাড়ি সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বর্ধমান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর এবারের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। টিকিট পাওয়ার পর থেকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাসকদলকে আক্রমণ করে চলেছেন তিনি। দু’দিন আগেই প্রচারে বেরিয়ে তিনি মন্তব্য করেন, মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র দলে মাত্র দু’জন নেতা আছেন, তাই তাঁরাই ঘুরে ঘুরে ২৯৪টি কেন্দ্রে প্রচার করবেন। যদিও বিজেপির একাধিক নেতা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন।
এবারের নির্বাচন এসআইআর (SIR)ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। পাশাপাশি রাজ্যের অধিকাংশ আমলাকে বদলি করা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দিলীপ ঘোষ মুখ খুলেছে মানেই উইকেট পড়বে।” তবে এই মন্তব্যের মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।


