হুগলি: ছাব্বিশের ভোটে শূন্যের কলঙ্ক ঘোচাতে মরিয়া বাম শিবির। দলের তরুণ-তুর্কিদের এগিয়ে দিয়ে সংগঠন জোরদারে মনোনিবেশ করেছেন বর্ষীয়ান, অভিজ্ঞরা। ভোটের নির্ঘণ্ট প্রচারের আগেই পাড়ায় পাড়ায় জনসংযোগ বাড়াতে শুরু করেছিলেন মীনাক্ষী (Minakshi Mukherjee), দিপ্সিতা, কলতানরা। প্রার্থী টিকিট পাওয়ার পর কোমর বেঁধে প্রচার শুরু করেছেন তাঁরা। উত্তরপাড়ায় জনসংযোগ বাড়াতে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
সিপিএমের টিকিটে উত্তরপাড়া থেকে বিধানসভা ভোটে লড়তে চলেছেন তিনি। গত পাঁচ বছর ধরে সেখানে বিধায়ক পদে ছিলেন কাঞ্চন মল্লিক। ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে থাকলেও, এলাকায় দেখা যায়নি তাঁকে, অভিযোগ স্থানীয়দের। সেই সুযোগকে কাজে লাগিয়েই উত্তরপাড়ায় লাল-বিপ্লব আনতে মরিয়া মীনাক্ষী। তার জন্য অবশ্য ২০২১-এর তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচীর স্টাইলেই প্রচার করছেন মীনাক্ষী (Minakshi Mukherjee), বলছেন বিশেষজ্ঞরা।
আর জি করে চিকিৎসক তরুণীর গণধর্ষণ, হত্যাকান্ডের প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নির্যাতিতার শবের গাড়ির সামনে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। সেখান থেকেই আর জি কর আন্দোলনের ডঙ্কা বাজিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, বলেন তাঁর সমর্থকরা। উত্তরপাড়ায় ভোটের প্রচারে সেই মুহূর্তের ছবি সহ কার্ড বিলি করছেন লাল-কন্যা মীনাক্ষী (Minakshi Mukherjee)। কার্ডের একদিকে, আর জি করের নির্যাতিতার শববাহী গাড়ি আটকানোর ছবি, অন্যদিকে মীনাক্ষীর ছবি ও ফোন নম্বর। বাড়ি বাড়ি গিয়ে সেই কার্ড মানুষের হাতে তুলে দিচ্ছেন মীনাক্ষী। সেইসঙ্গে বলছেন, কারও কোনও সমস্যায় ওই নম্বরে ফোন করলেই মীনাক্ষীকে পাওয়া যাবে।
“ওটা ফ্লপ কর্মসূচী”
যদিও, ‘দিদিকে বলো’র সঙ্গে মিনাক্ষীর (Minakshi Mukherjee) বাড়ি বাড়ি যাওয়ার মিন মানতে একেবারেই নারাজ উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে মীনাক্ষীর স্থানীয় রাজনৈতিক অভিভাবক শ্রুতিনাথ প্রহরাজ। তাঁর কোথায়, ‘দিদিকে বলো’ তো ফ্লপ কর্মসূচী। আমরা তা অনুসরণ করতে যাব কেন?’ পাশাপাশি তিনি জানান, উত্তরপাড়ায় মীনাক্ষী মানুষের ভালো সাড়া পাচ্ছে। সেইসঙ্গে দিপ্সিতার সৌজন্যে ৫০ হাজার ভোটের ভিত তো রয়েছেই। এখন দেখার, মীনাক্ষীর হাত ধরে সিপিএমের উত্তরপাড়া আসন পাকাপাকি হয় কি না।


