Aaj India desk, মালবাজার: মালবাজারে সকালটা ছিল অন্যরকম। একদিকে জনপ্রিয় অভিনেতা দেব অধিকারী-এর (Dev)উপস্থিতি ঘিরে কৌতূহল আর ভিড়, অন্যদিকে শহরের ব্যস্ততম মোড়ে দীর্ঘক্ষণ যানজটে নাজেহাল সাধারণ মানুষ। পদ্মশ্রী করিমুল হক-এর জীবন অবলম্বনে তৈরি হতে চলা ছবির শুটিংকে কেন্দ্র করে কার্যত থমকে যায় শহরের একাংশ।
সকাল থেকে মালবাজারের ঘড়ি মোড় ও স্টেশন রোডে কড়া পুলিশি নিরাপত্তায় চিত্রগ্রহণ শুরু হয়। তিন দিক থেকে রাস্তা ঘিরে দেওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। শহরের প্রধান সংযোগকারী স্টেশন রোড স্তব্ধ হয়ে যাওয়ায় অফিসযাত্রী থেকে সাধারণ পথচারী—সকলেই সমস্যায় পড়েন।
সবচেয়ে বেশি ভোগান্তি হয় জাতীয় সড়কে ওঠার পথে। কয়েকটি স্কুল বাস দীর্ঘক্ষণ আটকে থাকায় উদ্বেগ ছড়ায় অভিভাবকদের মধ্যে। পরে পুলিশ হস্তক্ষেপ করে বাসগুলোকে বের করে দেয়।
শুধু রাস্তা নয়, দেব অধিকারী -এর (Dev)শুটিংয়ের দৃশ্য ধারণ হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের আশপাশেও। ফলে রোগী ও তাঁদের পরিবারের লোকজনকেও বিকল্প পথ ব্যবহার করতে হয়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, কাজের দিনে এমন ব্যস্ত মোড়ে দীর্ঘ সময় অবরোধ থাকায় আর্থিক ক্ষতিও হয়েছে বহু ছোট ব্যবসায়ীর। এদিন ক্যালটেক্স মোড়ের একটি বাইক শোরুমেও ক্যামেরা ঘোরে। শোরুম মালিক বি কে প্রসাদ জানান, ২০০৮ সালে করিমুল হক যে দোকান থেকে তাঁর প্রথম মোটরবাইকটি কিনেছিলেন, সেই স্মৃতিবাহী স্থানেই অভিনেতা দেব অধিকারী (Dev) ও পরিচালক পার্থ সারথি চক্রবর্তী (Partha Sarathi Chakraborty)-র উপস্থিতিতে বিশেষ দৃশ্য ধারণ করা হয়। সেই মুহূর্ত দেখতে ভিড় জমে যায় স্থানীয়দের।
তবে শহরের মনোভাব দ্বিধাবিভক্ত। একদিকে প্রিয় অভিনেতাকে দেব অধিকারী(Dev Adhikari) কাছ থেকে দেখার উচ্ছ্বাস, অন্যদিকে দৈনন্দিন জীবনের ব্যাঘাতে ক্ষোভ। জানা গেছে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখেই শুটিং সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
উত্তেজনা, আলো, ক্যামেরা—সব মিলিয়ে মালবাজারে সিনেমার আবহ তৈরি হলেও, সাধারণ মানুষের দিনযাপন যে সহজ ছিল না, সেটাই স্পষ্ট।


