Aaj India Desk, কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (SSC) জানিয়েছে, একাদশ–দ্বাদশে শিক্ষক নিয়োগের বাকি বিষয়গুলির জন্য কাউন্সেলিং হবে এবং একই সঙ্গে নবম–দশমে শিক্ষক নিয়োগের নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়ার সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন (SSC)-র সচিব জানিয়েছেন, একাদশ–দ্বাদশে শিক্ষক নিয়োগের বাকি বিষয় ও মাধ্যমের কাউন্সেলিংয়ের সম্ভাব্য তারিখের সঙ্গে নবম–দশমে শিক্ষক নিয়োগের নথি যাচাই এবং ইন্টারভিউ ও লেকচার ডেমোনস্ট্রেশনের টেন্টেটিভ সূচিও জানানো হয়েছে। তবে রাজ্যে একই সময়ে বিধানসভা ভোট থাকায় এই সূচি কতটা সময়মতো মানা যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
একাদশ- দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে এসএসসি (SSC) -র সল্টলেক কেন্দ্রীয় অফিসে। সম্ভাব্য তারিখগুলো হলো: ২৪, ২৫, ২৭, ২৮ মার্চ ,৬–১১ এপ্রিল, ১৭, ১৮ এপ্রিল ২০,২৫ এপ্রিল; ২৭–৩০ এপ্রিল, এবং ৪–৮ মে।
সেই সঙ্গে নবম-দশমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাই এবং ইন্টারভিউ হবে সংশ্লিষ্ট অফিসে। তারিখগুলো ২৩–২৫ মার্চ , ২৭, ২৮ মার্চ, ৬–১১ এপ্রিল ,১৭, ১৮ এপ্রিল,২০–২৫ এপ্রিল, ২৭–৩০ এপ্রিল, ৪–৭ মে; ১১–১৫ মে, এবং ১৮–২৩ মে।
ঠিক এখানেই দ্বিধা তৈরি হয়েছে। কারণ একসঙ্গে দুই স্তরে হাজার হাজার সফল প্রার্থী ও নতুন চাকরিপ্রার্থী রয়েছেন। তাঁরা কীভাবে একসঙ্গে একাদশ–দ্বাদশের কাউন্সেলিং এবং নবম–দশমের নথি যাচাই ও ইন্টারভিউয়ে উপস্থিত হবেন, তা কঠিন মনে হচ্ছে। নবম–দশমে যোগ্য প্রার্থী রাকেশ আলম জানান, ‘আমি আশা করি এসএসসি দুটো স্তরে আলাদা করে মাধ্যম ও বিষয় অনুযায়ী কাউন্সেলিং, নথি যাচাই এবং ইন্টারভিউয়ের আয়োজন করবে।’


