ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে রাজ্যের সব জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিকদের সতর্ক করে দেন জ্ঞানেশ কুমার।
নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট নির্দেশ দেন, ভোটার তালিকা সংশোধনের কাজে নির্ধারিত নথি ছাড়া অন্য কোনও কাগজ আপলোড করা যাবে না। ভুল বা অপ্রাসঙ্গিক নথি দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার SIR নিয়ে জেলা আধিকারিকদের উদ্দেশে আরও বলেন, “ভাববেন না যে পরে রেহাই পাওয়া যাবে। আজ না হোক, দু’বছর পরেও কমিশন ব্যবস্থা নিতে পারে।” নথি যাচাইয়ে যথাযথ সতর্কতা ও দায়িত্ব পালনের উপরও জোর দেওয়া হয়।
উল্লেখ্য, রাজ্যে SIR প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশন নতুন সূচি ঘোষণা করেছে। সেই অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এর মধ্যেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে শুক্রবার বিকেল ৩টার মধ্যে দিল্লিতে কমিশনের দপ্তরে হাজির হতে বলা হয়েছে।


