শিলিগুড়ি: শনিবার ব্যারাকপুরের পর শিলিগুড়ির মেগা সভা থেকেও ‘অনুপ্রবেশ’ ইস্যুতে ঝাঁঝালো ভাষণ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উত্তরবঙ্গের মানুষের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “আপনারাই বলুন, উত্তরবঙ্গে অনুপ্রবেশ বন্ধ হওয়া উচিৎ কি না?”
অমিত শাহের তোপ, সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে জমি চাইলেও উনি দিচ্ছেন না। কেননা, উনি অনুপ্রবেশকারীদের সরাতেই চান না। এই জন্যই তিনি এসআইআরের বিরোধিতা করছেন। ব্যারাকপুরের মত শিলিগুড়িতেও শাহ দাবী করেন, অসমে অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। গুজরাট, রাজস্থানে অনুপ্রবেশ নেই! বাংলাতেও অনুপ্রবেশ বন্ধ করা হবে।
চিকেনস নেক ইস্যুতে শাহ
আগস্টে বাংলাদেশে পালা বদলের পর থেকে শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক দখলের হাওয়া উঠছে। সেই চিকেনস নেক প্রসঙ্গ তুলে শিলিগুড়িতে শাহ (Amit Shah) বলেন, “কদিন আগে কয়েকজন দিল্লিতে গিয়ে আওয়াজ তুলেছে যে চিকেনস নেককে আলাদা করে দেওয়া হবে! চিকেনস নেক কারও বাবার সম্পত্তি নাকি? যে দিয়ে দেওয়া হবে? এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না”।
“শিলিগুড়ি বিজেপির দুর্ভেদ্য গড়”
উত্তরবঙ্গের মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বঞ্চনা করে আসছেন বলে কটাক্ষ করে শাহ বলেন, “উত্তরবঙ্গকে বাজেটের ২৫%-এর পরিবর্তে ০.২৫% দেওয়া হচ্ছে। দিদির কাছে উত্তরবঙ্গ কেবল সোনার ডিম দেওয়া হাঁস! কিন্তু এবার দিদিকে টাটা বলার সময় এসে গিয়েছে!” অমিত শাহ আরও বলেন, “শিলিগুড়ি বিজেপির দুর্ভেদ্য গড়। গোটা দেশ শিলিগুড়িকে ভালোবাসে। কারণ এটা উত্তরপূর্ব ভারতে যাওয়ার পথ। শিলিগুড়ি একাই আসন্ন নির্বাচনে তৃণমূলকে জবাব দিয়ে দেবে”।


