Aaj India Desk, কলকাতা : কলকাতার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের বেকার যুবকদের জন্য চালু হওয়া ‘যুব সাথী’ (Yuvashree) প্রকল্পের ভাতা এপ্রিল আগেই পাবে । মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, চলতি মাস থেকেই প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। শুক্রবার ধর্নামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগে পরিকল্পনা ছিল ১ এপ্রিল থেকে এই ভাতা দেওয়া শুরু হবে। তবে সেই সিদ্ধান্ত এগিয়ে এনে ৭ মার্চ থেকেই টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আজ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে ‘যুব সাথী’ (Yuvashree)র টাকা জমা পড়বে।
মুখ্যমন্ত্রীর কথায়, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, যুবক-যুবতীদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আবেদন যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ভাতা পৌঁছে দেওয়া হবে। ফলে অনেক আবেদনকারী খুব শিগগিরই এই আর্থিক সহায়তা পেতে চলেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জানান, ‘যুব সাথী’ প্রকল্পে ইতিমধ্যেই বিপুল সাড়া মিলেছে। রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সি প্রায় ১ কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি। এই প্রকল্পের আওতায় নির্বাচিত প্রাপকেরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনও মধ্যস্থতা ছাড়াই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হবে।
তবে প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু শর্ত মানতে হবে।আবেদনকারীকে অন্তত মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি তিনি বর্তমানে কোনও চাকরি বা আয়মূলক কাজে যুক্ত থাকতে পারবেন না। সরকারি নিয়ম অনুযায়ী, যোগ্য প্রাপকেরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা পাওয়ার সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে প্রকল্প থেকে স্বাভাবিকভাবেই বেরিয়ে যেতে হবে বলে প্রশাসনিক সূত্রে জানা ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্পষ্ট করে জানান, রাজ্য সরকারের অন্য কোনও আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধাভোগীরা সাধারণত ‘যুব সাথী’ প্রকল্পের আওতায় আসবেন না। তবে কিছু নির্দিষ্ট শিক্ষামূলক প্রকল্পের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। তিনি বলেন, যারা ইতিমধ্যেই স্কলারশিপ বা শিক্ষামূলক প্রকল্প – যেমন কন্যাশ্রী (Kanyashree), রুপশ্রী (Rupashree) কিংবা শিক্ষার্থী ( Shikshashree)- এর সুবিধা পেয়েছেন, তারাও ‘যুব সাথী’ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং যোগ্য হলে ভাতা পাবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই প্রকল্পগুলির অর্থ মূলত পড়াশোনার খরচের জন্য দেওয়া হয় এবং পড়ুয়ারা সেই অর্থ শিক্ষার ক্ষেত্রেই ব্যয় করেন। তাই শিক্ষামূলক অনুদান পাওয়া থাকলেও ‘যুব সাথী’ (Yuvashree)র ভাতা পাওয়ার ক্ষেত্রে তাঁদের অযোগ্য বলা হবে না।


