কলকাতা: রবিবার প্রথম দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী (Central forces)। তার আগে শনিবার ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List)। আর ঠিক সেই আবহেই জেলায় জেলায় পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চ। ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত জায়গায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এলাকাবাসীর সঙ্গে কথোপকথন করে তাঁদের আস্থা দিতে চাইছেন বাহিনীর সদস্যর।
ইতিমধ্যেই মুর্শিদাবাদের সুতিতে শুরু হয়েছে রুট মার্চ। সামশেরগঞ্জে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী (Central forces) ছিল। এছাড়া শনিবার নদিয়ার তাহেরপুর, উত্তর ২৪ পরগণার বসিরহাট, কোচবিহার, মালদায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন কেন্দ্রকে “স্পর্শকাতর”, “অতিস্পর্শকাতর” বলে চিহ্নিত করা হয়েছে।
কোথায় কত বাহিনী?
প্রথম পর্যায়ে মালদায় ১২ কোম্পানি, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৮, কৃষ্ণনগর পুলিশ জেলায় ৬ জঙ্গিপুর পুলিশ জেলায় ৮, রাণাঘাট পুলিশ জেলায় ৬ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, হুগলী জেলা গ্রামীণে ৬ কোম্পানি, কোচবিহারে ৯ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারে ৫, জলপাইগুড়িতে ৭, ইসলামপুর পুলিশ জেলায় ৫, রায়গঞ্জ পুলিশ জেলায় ৬। দক্ষিণ দিনাজপুরে ১০, হাওড়া পুলিশ কমিশনারেট ৭, হাওড়া গ্রামীণ পুলিশ জেলা ৮, চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮ এবং কলকাতাতে থাকছে ১২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী (Central forces)।
রবিবার থেকে শুরু হবে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহল। সংবেদনশীল নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার জেলায় সিনিয়র আইপিএস অফিসারকে মোতায়েন করা হয়েছে। থাকবে স্পেশাল পুলিশ বাহিনী। শনিবার এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final Voter List) প্রকাশের দিন গণ্ডগোল এড়াতে সতর্ক প্রশাসন।
বিজেপি নেতা সজল ঘোষের বার্তা
শনিবার দুপুর ১ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাঁকুড়ায় নাম বাদ যাচ্ছে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার। এই নিয়ে ইতিমধ্যেই বাঁকুড়া শহরে বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পথে নামছেন সাধারণ মানুষ। এদিকে চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বিশাল মিছিল করে তৃণমূল। এসআইআরে চূড়ান্ত তালিকায় নাম বাদ গেলে বিক্ষোভ নয়, বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। শনিবার তিনি বলেন, “এবার কিন্তু রাজীব কুমারের পুলিশ নয়, দিদির পুলিশ নয়। এবার কিন্তু কেন্দ্রের পুলিশ। কাজেই কেউ অশান্তির চেষ্টা করবেন না”।


