Aaj India Desk , নয়াদিল্লি: দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET) সংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকার সহ সংশ্লিষ্ট সমস্ত পক্ষকেই নিজেদের অবস্থান স্পষ্ট করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আদালত জানিয়েছে, দোল ও হোলির ছুটির পর মার্চের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে।
ফলে বহুদিন ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তায় থাকা প্রার্থীদের নজর এখন আগামী শুনানির দিকেই।
এই নির্দেশ দিয়েছে J.K. Maheshwari এবং Atul S. Chandurkar-এর বেঞ্চ। মামলার সূত্রপাত ২০০৯ সালের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET) ভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে। ওই বছর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ২০১০ সালের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠায় তা বাতিল করা হয়। পরে ২০১৪ সালে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। ফল প্রকাশের পর ইন্টারভিউ সম্পন্ন হলেও দীর্ঘদিন ধরে চূড়ান্ত নিয়োগ প্যানেল প্রকাশ না হওয়ায় প্রার্থীদের ক্ষোভ বাড়তে থাকে।
পরবর্তীতে বিষয়টি গড়ায় Calcutta High Court এ। ২০২২ সালের ১০ নভেম্বর আদালত জানায়, প্রার্থীর PTI-TTI প্রশিক্ষণ থাকা বা না থাকা নয়, নিয়োগের একমাত্র ভিত্তি হবে মেধা। সেই রায়ের ভিত্তিতে ১,৫০৫ জনের প্যানেল প্রকাশ করা হয়। তবে পূর্বঘোষিত ১,৮৩৬টি শূন্যপদের সঙ্গে এই সংখ্যার অমিল নতুন করে বিতর্কের জন্ম দেয় এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হয়। মামলার শুনানিতেই বুধবার রাজ্য সরকারসহ সংশ্লিষ্ট পক্ষের হলফনামা তলব করে শীর্ষ আদালত।


