কলকাতা: মুখ্যমন্ত্রী না এলে অবরোধ তুলবেন না বলে জানিয়েছিলেন বেলডাঙার (Beldanga) বিক্ষোভকারীরা। মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে উত্তরবঙ্গ যাওয়ার আগে বেলডাঙার ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
বিজেপিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, “বেলডাঙার ঘটনার পেছনে কাদের হাত আছে আমরা জানি। জুম্মাবারে এমনিতেই ওদের জমায়েত হয়। আমাদের দুর্গাপুজো, শিবরাত্রিতেও হয়। আমি কি বারণ করতে পারি? ওদের ক্ষোভ স্বাভাবিক।”
ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার বেলডাঙায়
বস্তুত, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজে গিয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিকে আলাউদ্দিন শেখের। শুক্রবার তাঁর গ্রামে মৃতদেহ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে উন্মত্ত জনতা। বেলডাঙার (Beldanga) ১২ নং জাতীয় সড়কে ভাঙচুর, গাড়ির টায়ারে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি বেলডাঙা স্টেশনের রেললাইনের ওপর বসে পড়ে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী নিজে না আসা পর্যন্ত তাঁরা অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়ে দেয়। ঘটনায় জাতীয় সড়কে যান চলাচলের পাশাপাশি লালগোলা-শিয়ালদহ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর
মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবার ও স্থানীয়দের দাবী, পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। অপরাধীদের গ্রেফতারি ও কঠোরতম শাস্তি না হওয়া অবধি তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেন স্থানীয়রা। পাশাপাশি, ভিনরাজ্যে কাজে গিয়ে কেবলমাত্র মুর্শিদাবাদের ছেলেদেরই কেন মৃত্যু হয় বলেও প্রশ্ন তোলেন এক বিক্ষোভকারী। তাঁর প্রশ্ন, “আমরা মুসলিম বলেই কি ভিনরাজ্যে কাজে গিয়ে এই পরিণাম?”
নিজের দেশেই সুরক্ষিত বোধ করছেন না বলেও উল্লেখ করেন অনেকে। এদিন মৃত আলাউদ্দিন শেকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “ডবল ইঞ্জিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এটা নক্ক্যারজনক ঘটনা। আমরা বিষয়টি দেখছি। কোর্টে মামলা হয়েছে। আমি তাঁদের পরিবারের পাশে আছি”।


