গঙ্গাসাগর: নির্বাচন এগিয়ে আসতে রাজ্যে বাড়ছে উত্তেজনা! এবার গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি (BJP) কর্মী ত্রিলোকেশ ঢালি। ঘটনায় তৃণমূল-বিজেপি কটাক্ষ পাল্টা কটাক্ষের ঝড়! জানা গিয়েছে, বাইকে করে দুই দুষ্কৃতি এসে ওই বিজেপি কর্মীকে গুলি করে। ত্রিলোকেশ ঢালির পরিবারের অভিযোগ তৃণমূলের (TMC) লোকেরা এই ঘটনা ঘটিয়েছে।
তবে তৃণমূলের দাবী, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই গুলিবিদ্ধ হয়েছেন ওই বিজেপি কর্মী। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের দাবী, পুরনো শত্রুতার জেরেই ওই ব্যক্তি হামলার শিকার হয়েছেন। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই। ভোটের আগে তৃণমূল ভয় পেয়ে এই ধরণের ঘটনা ঘটাচ্ছে!
গুরুতর আহত বিজেপি কর্মী
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরের মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন আহ্বায়তক ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে বাইক থেকে গুলি চালায় দুই দুষ্কৃতি। বুধবার সকাল আটটা নাগাদ দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে বেরোলে গঙ্গাসাগর বাসস্ট্যান্ড ও শ্রীধাম বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় ওই বিজেপি (BJP) কর্মীকে গুলি করা হয় বলে দাবী।
ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। নিয়ে যাওয়া হয়, সাগর গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েভহেন বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি। এদিকে, তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে পথে নামেন বিজেপির কর্মী সমর্থকরা। সাগর এলাকায় রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


