Aaj India Desk, কলকাতা: একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)-কে সামনে রেখে লড়াই করছে তৃণমূল (TMC) কংগ্রেস। দলের সুপ্রিমো নিজেই সভায় ঘোষণা করছেন- তিনিই ২৯৪টি আসনের প্রার্থী। অন্যদিকে বিজেপি (BJP) -যারা সাধারণত কোনও একটি মুখকে সামনে রেখে রাজনীতি করে না, শুধু নরেন্দ্র মোদী (Narendra Modi)-কেই বড় মুখ হিসেবে তুলে ধরে নির্বাচনের নামে। তবুও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে মুখ্যমন্ত্রীর মুখ সবসময় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেখানে তো জল্পনা থাকবেই!
বঙ্গ বিজেপির সম্ভাব্য মুখ হিসেবে আলোচনায় বারবার উঠে আসছে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী-র মতো নাম। দিলীপ ঘোষ-ও সক্রিয় হয়েছেন ২০২৬-এর নির্বাচনের আগে। তবে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন – এই প্রশ্নের উত্তর স্পষ্ট করে দেয় না দল। সংগঠনের নীতি মেনেই চলে গেরুয়া শিবির। যদিও এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে।
অতীতের দিকে তাকালে দেখা যায়, ২০১৫ সালে দিল্লিতে কিরণ বেদী বা ২০১৬-তে অসমে সর্বানন্দ সোনোয়াল-কে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফল ঘোষণার পরই মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়েছে। যেমন একদিকে যোগী আদিত্যনাথ বা বিপ্লব দেব-এর মতো আরএসএস ঘনিষ্ঠ নেতাদের সামনে আনা হয়েছে, অন্যদিকে হিমন্ত বিশ্বশর্মা-র মতো উদাহরণও রয়েছে, যিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। সম্প্রতি এক সভায় সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন, “ভবিষ্যতে রাজ্যে যিনিই বিজেপির মুখ্যমন্ত্রী হন, তিনি আমিষাশী হবেন।”
শুভেন্দুর মনোনয়নে পাশে রয়েছেন শাহ
নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার সময় সোমবার শুভেন্দুর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, আর বৃহস্পতিবার ভবানীপুরে তাঁর সঙ্গী হচ্ছেন অমিত শাহ। বিজেপির শীর্ষ নেতৃত্বের এমন উপস্থিতি কি শুভেন্দুকে অন্যদের থেকে আলাদা করে দিচ্ছে না?এই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই!
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের সর্বভারতীয় সভাপতির নাম নিতিন নবীন হলেও কার্যত দলের মূল নিয়ন্ত্রক হিসেবে দেখা হয় অমিত শাহকেই। সাম্প্রতিক সময়ে অন্য কোনও প্রার্থীর মনোনয়নে এভাবে শাহকে দেখা যায়নি।
তবে ২০২২ সালে গুজরাটের সানন্দে প্রার্থী কানু পটেল-এর সঙ্গে গিয়েছিলেন তিনি, যদিও তখন তিনি মুখ্যমন্ত্রী মুখ ছিলেন না। আবার অনেকের মতে, ভবানীপুরে এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাজনৈতিক চাপ তৈরি করতেই শাহের এই পদক্ষেপ। তিনি বার্তা দিতে চান, কেন্দ্রীয় নেতৃত্বই আসল প্রতিপক্ষ।
শাহের বক্তব্যে বারবার শুভেন্দু
শুধু মনোনয়নের সঙ্গী হওয়া নয়, তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করার সময়ও একাধিকবার শুভেন্দু অধিকারীর নাম উচ্চারণ করেছেন অমিত শাহ। ‘গণতন্ত্রের উপর আঘাত’ শিরোনামের অংশে শুভেন্দুর উপর হামলার অভিযোগ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলতে গিয়ে শুভেন্দুর উপর হামলার প্রসঙ্গ টেনেছেন তিনি। এমনকি বিধানসভায় ৭৭ জন বিধায়ককে কীভাবে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু, সেই কথাও তুলে ধরেছেন শাহ। অনুপ্রবেশ ইস্যুতে শুভেন্দুর ভূমিকার কথাও আলাদা করে উল্লেখ করেছেন তিনি। ফলে বঙ্গ বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব যে বাড়ছে, তা মনে করছেন বিশ্লেষকরা।
শুভেন্দু কি বললেন?
বুধবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, “কর্মীরা আবেগে মুখ্যমন্ত্রীর কথা বলছেন। আমাদের মুখ মোদীজি। কর্মীদের আবেগকে সম্মান জানিয়ে ভবিষ্যতে কেউ মুখ্যমন্ত্রী হবেন।”
এ বিষয়ে দলীয় স্তরে এখনও কোনও স্পষ্ট বার্তা নেই। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “শুভেন্দু অধিকারী আমাদের নেতা, বিধানসভার বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মুখ নিয়ে আমাদের মধ্যে কোনও জল্পনা নেই। দলের একটি বোর্ড রয়েছে, তারাই এই সিদ্ধান্ত নেবে।”
Big hint before the elections! Is Subhendu Adhikari the ‘CM face’ of BJP
BJP SuvenduAdhikari Bhabanipur WestBengalElection


