22.2 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

ভোটার তালিকায় বড় ছাঁটাই! ৩৫ হাজারের মধ্যে নাম উঠল মাত্র ৬২০০ জনের

Aaj lndia Desk, কোচবিহার: নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য আবেদন পড়েছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু যাচাই-বাছাইয়ের পর শেষ পর্যন্ত ভোটার তালিকায় (Voter List) নাম উঠেছে মাত্র ৬ হাজার ২০০ জনের। এই ঘটনাকে ঘিরে উত্তরবঙ্গের কোচবিহার (Cooch Behar) জেলায় তৈরি হয়েছে বিতর্ক।

বছরে চার দফায় ভোটার তালিকায় (Voter List) নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়। সাধারণত জানুয়ারি মাসে জমা পড়া আবেদনগুলির নাম এপ্রিল মাসের তালিকায় যুক্ত হয়। অন্যদিকে, গত বছরের অক্টোবর মাসে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নাম জানুয়ারি মাসের তালিকায় ওঠার কথা ছিল। তবে এ বার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কারণে তালিকা প্রকাশ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।

তালিকা প্রকাশের পর দেখা যায়, কোচবিহার (Cooch Behar) জেলায় নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করা বহু মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। প্রায় ৩৫ হাজার আবেদনের মধ্যে প্রায় ২৯ হাজার আবেদনই বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। কেন এত সংখ্যক আবেদন বাতিল করা হলো, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে একাধিক কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রশাসনের একাংশের মতে, এ বার ‘সার’ (SIR) সংক্রান্ত কাজে অধিকাংশ আধিকারিকই ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ততার মধ্যেই নতুন ভোটারদের জমা পড়া আবেদনপত্রগুলি যথাযথভাবে খতিয়ে দেখার সুযোগ মেলেনি বলেই দাবি করা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি কারণ সামনে আসছে।

সূত্রের খবর, যাঁদের বয়স সদ্য ১৮ পেরিয়েছে এবং প্রথমবার ভোটার হিসেবে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা যায়নি। কিন্তু যাঁদের বয়স প্রায় ২৫ বছরের কাছাকাছি, অথচ এতদিন ভোটার তালিকায় নাম তোলেননি, তাঁদের অনেকের আবেদনই বাতিল হয়ে গিয়েছে। তাঁরা ফর্ম–৬ পূরণ করে জমা দিলেও অধিকাংশ ক্ষেত্রেই সেই আবেদন গ্রহণ করা হয়নি বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)-এর কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit De Bhowmik) অভিযোগ করেছেন, পরিকল্পিত ভাবেই বহু তরুন – তরুণী এবং নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তাঁর আরও দাবি, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের নামও ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) -এর বিধায়ক নিখিলরঞ্জন দে (Nikhil Ranjan Dey)। তাঁর বক্তব্য, যাঁদের নথিপত্র সঠিক রয়েছে, নির্বাচন কমিশন তাঁদের নাম অবশ্যই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। পাশাপাশি তিনি জানান, এখনও আবেদন করার সুযোগ রয়েছে। কোনও প্রকৃত ভোটারের নাম তালিকায় না উঠলে তিনি ফের আবেদন করতে পারবেন। তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে তৃণমূল অযথা রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন