বহরমপুর: “বেলডাঙার ঘটনায় বিজেপির পাশাপাশি আরও এক গদ্দার আছে”, নাম না করে হুমায়ুন কবিরকে (Humayun Kabir) বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বহরমপুরের গির্জার মোড় থেকে রোড শো-তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, “প্ররোচনায় পা দেবেন না। আজ ও কাল সাংবাদিকদের আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব।”
বেলডাঙার ঘটনা নিয়ে কি বললেন অভিষেক?
বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে ঘিরে বিক্ষোভের মাঝে ঝারখন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে কথা হয়েছে বলে উল্লেখ করেন অভিষেক (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যেই আলাউদ্দিনের পরিবারকে ২ লক্ষ টাকা ও তাঁর স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা হয়েছে, বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
নির্বাচন কমিশনকে তোপ
নির্বাচন কমিশনকে “নির্যাতন কমিশন” বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০০-৩০০ বছর ধরে মুর্শিদাবাদে থাকার পর বিজেপির ইন্ধনে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে বলে তোপ দাগেন তিনি। “অপরিকল্পিত এসআইআর-এর জন্য ৮৪ জনের মৃত্যুর ঘটনা ঘটছে বলে”, তোপ দাগেন অভিষেক।
বহরমপুরে অভিষেকের সভার আগে বেলডাঙায় ধুন্ধুমার!
উল্লেখ্য, শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে ফের উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ-অবরোধের ২৪ ঘন্টার মধ্যেই বেলডাঙার বড়ুয়া মোড়ে পাথরবৃষ্টি শুরু করে দুষ্কৃতিরা। ঘটনায় আক্রান্ত হন দুজন সাংবাদিক। ঘটনায় রাজ্যের শাসনব্যবস্থা নিয়ে ফের তোপ দাগে বিজেপি। “সংবিধানের চতুর্থ স্তম্ভের উপর হামলা, পশ্চিমবঙ্গের শাসনব্যবস্থা ভেঙে পড়েছে”, বলে তোপ দাগেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র।


