Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। তার মধ্যেই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR) নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর দাবি, একটি ফোন কলের মাধ্যমে দিল্লির এক উচ্চপদস্থ আমলা তাঁকে সতর্ক করেছিলেন যে বিষয়টি শুধু ভোটার তালিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পিছনে আরও বড় পরিকল্পনা থাকতে পারে।
অভিষেকের (Abhishek Banerjee) বক্তব্য, যদি কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তবে ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক কাজে সমস্যার মুখে পড়তে পারেন তিনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট করার সময় ভোটার পরিচয়পত্র চাওয়া হতে পারে। সে ক্ষেত্রে যদি ভোটার তালিকায় নাম না থাকে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে তিনি দাবি করেন।
এদিন ধর্না মঞ্চ থেকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি প্রশ্ন তোলেন, কলকাতায় আসার পর নির্বাচন কমিশনের প্রধান যে নিউটাউনের হোটেলে উঠেছেন, সেখানে অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা থেকেছেন বলে তাঁর দাবি।
অন্যদিকে, নির্বাচনকে ঘিরে রাজ্যে সহিংসতার প্রসঙ্গ তুলে কড়া বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, “রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচনের সময় বোমা ও সহিংসতার সংস্কৃতি বদলাতে হবে।”
বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্কে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


