Aaj India Desk, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হলো নতুন জল্পনা। এর আগেই আজ CPM থেকে প্রতীক উর রহমান তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। এবার কি সেই একই পথের পথিক বিজেপির রাজ্যসভার সাংসদ ?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতার দেশপ্রিয় পার্কে অমর একুশে উদ্যাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজ্যসভার সাংসদ ও রাজবংশী নেতা অনন্ত মহারাজকে (Ananta Maharaj) ‘বঙ্গ বিভূষণ’ সম্মানে ভূষিত করেন। মুখ্যমন্ত্রীর হাত থেকে উত্তরীয় ও স্মারকও গ্রহণ করেন অনন্ত মহারাজ।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। অভিযোগ করেন, বিজেপি শাসনে উত্তরবঙ্গ, বিশেষ করে কোচ-রাজবংশী সম্প্রদায় বঞ্চিত হয়েছে। উন্নয়নমূলক কাজের অভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা জোরদার হয়েছে। লোকসভা নির্বাচনের পর উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী কোচবিহারে অনন্ত মহারাজের (Ananta Maharaj) বাড়িতে যান। সেই সময় থেকেই রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলেছিল।
অনন্ত মহারাজ (Ananta Maharaj) একসময় পৃথক গ্রেটার কোচবিহারের দাবিতে বিজেপিকে সমর্থন করেছিলেন এবং পরে রাজ্যসভার সাংসদ হন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই দাবি নাকচ করার পর তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয় বলে রাজনৈতিক মহলের ধারণা। সম্প্রতি সিপিএম নেতা প্রতীক উর রহমানের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর এবার অনন্ত মহারাজের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।


