স্নেহা পাল, কলকাতা : সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ আরোপ করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
লালবাজারের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে কেবলমাত্র অনুমোদিত আধিকারিকরাই সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাহিনীর পক্ষে বক্তব্য রাখতে পারবেন। নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
নতুন গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে, সংবেদনশীল, অপারেশন সংক্রান্ত বা তদন্ত-সম্পর্কিত কোনও তথ্য ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা অন্য কোনও ডিজিটাল মাধ্যমে কোনও অবস্থাতেই শেয়ার করা যাবে না। এমন কোনও পোস্টও শেয়ার করা যাবে না, যা প্রমাণ নষ্ট করতে পারে, তদন্তের গতিপথ প্রকাশ করে দেয় বা তদন্তকে প্রভাবিত করতে পারে।
এছাড়াও সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে ব্যক্তিগত মত প্রকাশ করা যাবে না। তা কলকাতা পুলিশের (Kolkata police) নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলে, জনআস্থা ক্ষুণ্ণ করে ও আচরণবিধি লঙ্ঘন করে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, অন্য কোনও দপ্তর, ঊর্ধ্বতন আধিকারিক, সহকর্মী, নিজ প্রতিষ্ঠান বা সরকারি কর্মসূচি সম্পর্কে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করা যাবে না। সরকারি দায়িত্ব, পরিদর্শন বা সংবেদনশীল সফরের ছবি বা তথ্য ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করাও নিষিদ্ধ করা হয়েছে।
লালবাজার সূত্রে জানানো হয়েছে, এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা হচ্ছে। কোনও কর্মী বিধিনিষেধ লঙ্ঘন করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


