Aaj India Desk, ডানকুনি: ভোটের আগেই রাজ্য রাজনীতিতে ফের নতুন ঝড়। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একটি ভিডিও প্রকাশ করে পুলিশ ও শাসকদলের বিরুদ্ধে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র অভিযোগ তোলেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, ১৯ ফেব্রুয়ারি ডানকুনি টোলপ্লাজার কাছে এক ট্রাকচালককে মারধর করা হয়েছে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের নামে গাড়ি থামিয়ে টাকা তোলা হচ্ছে। টাকা দিতে অস্বীকার করলে মিথ্যা মামলা, মারধর বা হেনস্তার অভিযোগও তোলেন তিনি। তিনি বলেন, “সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের একটি অংশ পুলিশকে সঙ্গে নিয়ে এই কাজ করছে। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।” একই সঙ্গে তিনি রাজ্যে সরকার পরিবর্তনের দাবি জানান।
এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সুকান্ত মাজিও অভিযোগ করেন, “পুলিশকে দিয়ে টাকা তোলানো হচ্ছে। ইউনিফর্ম পরলে পুলিশ, খুললে তারা তৃণমূল, এমনই পরিস্থিতি।”
অন্যদিকে, তৃণমূল যুব সভাপতি জিয়াউরুল আকান অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি নিন্দনীয়। পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে। রাজ্যে আইন মেনে চলা হয়।” তিনি পাল্টা দাবি করেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত চলছে।
ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এখন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায় নির্ধারণের দিকেই নজর প্রশাসনের।


