কলকাতা: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর পাঁচটা ভোটের তুলনায় এবারের নির্বাচন যথেষ্ট আলাদা।
এসআইআরের (SIR) ভোটার তালিকা প্রকাশিত হলেও প্রায় ৬০ লক্ষ মানুষের নাম এখনও বিবেচনাধীন। এসআইআরে বাদ ও হয়ে গিয়েছে ৬৩ লক্ষ নাম। কমিশনের তরফে জানানো হয়েছিল, ২৮ ফেব্রুয়ারির তালিকার পরও অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। চলতি সপ্তাহেই একটি অতিরিক্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। তবে বর্তমানে এই ৬০ লক্ষ মানুষের ভোটারাধিকারের ভাগ্য, আদালতের হাতে।
কোথায় কত নিষ্পত্তি?
শনিবার পর্যন্ত প্রায় ১৮ লক্ষ ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি হয়েছে। অগ্রগতি নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল প্রতিদিন নজর রাখছেন। কমিশন সূত্রে জানা গেছে, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ‘বিবেচনাধীন’ নাম নিষ্পত্তির কাজ শেষ হয়েছে এবং সেখানে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে। তবে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর ও মালদহে এখনও উল্লেখযোগ্য কাজ বাকি রয়েছে, কারণ এই জেলাগুলিতে বিবেচনাধীন নামের সংখ্যা তুলনামূলক বেশি ছিল।
এসআইআর (SIR) প্রক্রিয়া শুরুর আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের নাম ছিল। কমিশনের ২৮ তারিখে প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে যোগ্য ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন।
কবে ভোট, কবে গণনা?
রবিবার পশ্চিমবঙ্গ সহ অসম, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরীর বিধানসভা ভোটের সময়সূচী প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে দুই থেকে তিন দফায় ভোট হতে পারে। প্রথম দফায় ১৫ এপ্রিল ভোট হওয়ার সম্ভাবনা বলে জানা গিয়েছে।
রাজ্যের সিইও তরফে এক দফায় ভোট করাতে প্রস্তুত জানানো হলেও পশ্চিমবঙ্গে একাধিক দফায় ভোট (West Bengal Assembly Election 2026) করাতে চাইছে নির্বাচন কমিশন, বলে সূত্রের খবর। যার ফলাফল প্রকাশিত হতে পারে ২ বা ৩ মে। এসআইআরের শুরুর ক্ষণ থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে উদ্বেগের অন্ত নেই। তবে রবির বিকেলেই সেই জল্পনার যবনিকা পতন হতে চলেছে। সেই অপেক্ষাতেই রয়েছে রাজ্যবাসী।


