কলকাতা: আর জি কর (RG Kar) দুর্নীতি মামলায় অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি (Akhtar Ali) অবশেষে আদালতে হাজিরা দিলেন। এর আগে একাধিকবার তলব করা হলেও শারীরিক অসুস্থতা জনিত কারণে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। ঘটনাক্রমে শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিতেই ২৪ ঘন্টার মধ্যে সশরীরে আত্মসমর্পণ করতে আদালতে উপস্থিত হলেন আখতার আলি। যদিও শনিবার আত্মসমর্পণ হয়নি বলে জানা গিয়েছে। সোমবার ফের আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি।
জামিন অযোগ্য ধারায় মামলা
শুক্রবার আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির (Akhtar Ali) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির পরোয়ানা জারি করে আলিপুর বিশেষ সিবিআই আদালত। এর আগে একাধিকবার আদালতে হাজির হতে বলা হলেও এড়িয়ে গিয়েছেন আখতার আলি। শুক্রবারেও তিনি হাজির না হওয়ায় গ্রেফতারির পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত। শনিবার সাড়ে ১২ টা নাগাদ আদালতে পৌঁছন আখতার আলি। কিন্তু ততক্ষনে আদালত বন্ধ হয়ে যায়।
আখতার আলি (Akhtar Ali) বলেন, “আমার দুর্ভাগ্য। আমি আত্মসমর্পণ করতে এসেছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। আদালত থেকে সোমবার আত্মসমর্পণ করতে বলা হয়েছে”। পাশাপাশি তাঁর দাবী, “দাদার চিকিৎসার জন্য টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা নেওয়ার অভিযোগে আমাকে ফাঁসানো হচ্ছে। এখন যদি আমার কপাল খারাপ হয়, গ্রেফতার করে টেনে নিয়ে আসে, তাহলে তাই হবে”।
আর জি করের ‘হুইসেল ব্লোয়ার’ আখতার আলি
প্রসঙ্গত, আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজ হাসপাতালে অভয়ার মৃত্যুর পর দুটি মামলা দায়ের হয়েছিল। সেখানেই দুর্নীতি সংক্রান্ত মামলাটি নিয়ে একাধিকবার চার্জশিট দিয়েছিল সিবিআই। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সর্বপ্রথম মুখ খুলেছিলেন এই আখতার আলি (Akhtar Ali) । পরে সন্দীপ ঘোষের গ্রেফতারির পর তাঁর আইনজীবী দাবী করেছিলেন, দুর্নীতির সঙ্গে আখতার আলিই জড়িত।
সিবিআই-এর শেষ চার্জশিটে আখতার আলির (Akhtar Ali) নাম ওঠে। এরপর একাধিকবার তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়। কিন্তু শারীরিক অসুস্থতা জনিত কারণ দর্শীয়ে প্রতিবারই হাজিরা দেওয়া এড়িয়ে যান তিনি। এমনকি আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আখতার। গত বুধবার সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।


