জিয়াগঞ্জ: ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan) কর্তৃক এতবড় ‘ভুল’? অরিজিৎ সিং (Arijit Singh)-এর সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ছুটে গিয়েছিলেন আমির খান। সেখানে একটি সরকারি কলেজে দেশের দুই স্বনামধন্য তারকার ‘অবৈধ ভাবে’ ঢোকার অভিযোগে ধুন্ধুমার নেটপাড়া। শুধু তাই নয়, অনুমতি ছাড়াই সেখানে শুটিং করার পাশাপাশি দীর্ঘক্ষণ সময় কাটান আমির-অরিজিৎ বলে অভিযোগ।
বস্তুত, জিয়াগঞ্জের রাণী ধন্যাকুমারি কলেজে প্রায় ১০ টি মোটরবাইক নিয়ে ঢোকেন আমির খান (Aamir Khan) ও অরিজিত সিং (Arijit Singh)। অনুমতি ছাড়াই সেখানে প্রায় দেড় ঘণ্টা সময় কাটানো, খেলাধুলোর পর শুটিং-ও করা হয় বলে উঠেছে অভিযোগ। কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী ফেসবুকে ঘটনার সিসিটিভি ফুটেজের দুটি ভিডিও পোস্ট করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। অধ্যক্ষের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কলেজ চত্বরে মধ্যরাতে প্রবেশ করেন দুই তারকা।
“ডিলিট করতে বাধ্য হলাম”
দেশের দুই স্বনামধন্য তারকার এহেন আচরণ কাম্য নয় বলে উল্লেখ করেছিলেন অধ্যক্ষ। তিনি লেখেন, “নাইট গার্ডকে প্রভাবিত করে বিনা অনুমতিতে কলেজ চত্বর ব্যবহার করেছিলেন। বিখ্যাত মানুষ বলেই কি তাঁরা সব করতে পারেন? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি এতটাই অবজ্ঞার বিষয়?”
পোস্ট দুটি ভাইরাল হতেই ভিডিও দুটি ডিলিট করে দেন রাণী ধন্যাকুমারি কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। নতুন একটি পোস্টে তিনি লেখেন, “পোস্টটি ডিলিট করতে বাধ্য হলাম”। এরপরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই বলছেন, সরকারি কলেজের নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে আমির খান (Aamir Khan), অরিজিৎ সিং (Arijit Singh)-এর মত দুই তারকা দিব্যি কলেজে ঢুকে পড়লেন। বিত্তবান-প্রভাবশালী হলে সব সম্ভব। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তবে বিভিন্ন মহল থেকে ‘চাপ’ আসার জেরেই ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছেন অজয় বাবু বলে মনে করা হচ্ছে।


