পৌলমী ব্যানার্জি, কলকাতা: পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের জন্য বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে।
আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন বা যাদের তথ্যে ভুল ছিল, তাদের সেই সব আবেদন খতিয়ে দেখার কাজ দ্রুত গতিতে চলছে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে সমস্ত যাচাইকরণ (SIR) শেষ করে একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা জনগণের জন্য প্রকাশ করা হবেI
নির্বাচন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “আমরা চাই প্রতিটি যোগ্য নাগরিকের নাম যেন তালিকায় থাকে। স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে।”
এই চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটাররা অনলাইনের মাধ্যমে বা স্থানীয় বুথ লেভেল অফিসারের (BLO) কাছে গিয়ে তালিকায় নিজেদের নাম আছে কি না, তা যাচাই করে নিতে পারবেন। ভোটার তালিকায় নাম থাকা শুধুমাত্র ভোট দেওয়ার জন্যই নয়, বরং এটি একজন নাগরিকের পরিচয়পত্র হিসেবেও অত্যন্ত জরুরি। যারা ১৮ বছর পূর্ণ করেছেন বা ঠিকানা বদল করেছেন, তাদের জন্য এই চূড়ান্ত তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ফেব্রুয়ারি মাসের শেষে এই তালিকা প্রকাশ হলে ভোটাররা শেষবারের মতো নিজেদের তথ্য মিলিয়ে দেখার সুযোগ পাবেন। কমিশনের এই তৎপরতায় স্পষ্ট যে, আসন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য রাজ্য এখন পুরোপুরি প্রস্তুত।


