ব্যারাকপুর: আনন্দপুর অগ্নিকান্ডের ঘটনা কোনও দুর্ঘটনা নয়, বরং মমতা সরকারের দুর্নীতির ফল! শনিবার ব্যারাকপুরের সভায় তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওয়াও মোমো কোম্পানির মালিককে এখনও কেন গ্রেফতার করা হল না, প্রশ্ন তোলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোমো কোম্পানির মালিককে প্রাতঃভ্রমণ করতে দেখা গিয়েছে। ঘটনার ৩২ ঘন্টা পর দমকলমন্ত্রী সেখানে গিয়েছেন। গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন ছিল না?” এই ঘটনার সঠিক তদন্তের দাবী জানান তিনি। আসন্ন নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় এসে অগ্নিকান্ডের ঘটনার পেছনে যাঁদের হাত রয়েছে তাঁদের কঠোর শাস্তি দেবে, বলে দাবী করেন অমিত শাহ (Amit Shah)।
শাহের মুখে ‘বাঙালি অস্মিতা’
ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, গ্রেফতারি, পুশব্যাক নিয়ে বরাবর তোপ দেগে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাঙালি অস্মিতার’ উপর আঘাত নিয়ে বরাবর বিজেপিকে বিঁধে এসেছেন তিনি। এবার ব্যারাকপুরের সভা থেকে পাল্টা তৃণমূলকে “বাঙালি অস্মিতার বিরোধী” বলে তোপ দাগলেন অমিত শাহ (Amit Shah)।
শাহের মুখে ফের অনুপ্রবেশ
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ যেভাবে বাড়ছে, তা এখন সমগ্র দেশের সুরক্ষার জন্য বড় হুমকি—ফের অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জায়গা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নদী, নালা ও পাহাড় পেরিয়ে অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকছে, অথচ তাদের আটকানোর বদলে রাজ্য প্রশাসন জাল নথি তৈরি করে সারা দেশে ছড়িয়ে পড়ার অনুমতি দিচ্ছে।
অমিত শাহের (Amit Shah)। তোপ, অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাংক। পাশাপাশি তিনি দাবি করেন, অসমে অনুপ্রবেশ রুখে দেওয়া হয়েছে এবং গুজরাট ও রাজস্থানে এই সমস্যা কার্যত নেই। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে দেখাবে।


