Aaj India Desk, কলকাতা: ইতিমধ্যেই কোয়েল মল্লিক( koyel Mallick ) তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রেখে বড় চমক দিয়েছেন। এরপর থেকেই গুঞ্জন উঠেছিল, নাকি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। যদিও সেই জল্পনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। তবে এখানেই থামেনি আলোচনা। এবার সরাসরি প্রশ্ন পৌঁছে গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিন্দু মাসি হরফে অনামিকা সাহা (Anamika Saha)-র কাছে , তিনিও কি তবে রাজনীতির পথে হাঁটতে চলেছেন?
আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তাপ বাড়ছে। প্রতিটি রাজনৈতিক দলই কোমর বেঁধে নেমে পড়েছে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে। আর এই লড়াইয়ে বড় অস্ত্র হয়ে উঠছে ‘ স্টার প্রার্থী’। কোন দলে কোন তারকা যোগ দিচ্ছেন।
শেষ পর্যন্ত তিনি কোন রাজনৈতিক ছাতার তলে নামবেন? জোড়া ফুলের দলে নাকি পদ্মের দিকে ঝুঁকবেন? নাকি বামপন্থার দিকে ইঙ্গিত দিলেন তিনি?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অনামিকা সাহাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানালেন তাঁর রাজনীতি সংক্রান্ত অবস্থান। অনামিকা বলেন, ভোটে দাঁড়ানোর অফার তাঁর কাছে নতুন নয় ,প্রায় পাঁচ বছর আগে এমন প্রস্তাব এসেছে, কিন্তু তখন তিনি তা নেননি। তিনি বলেন ‘আমার মেয়ে বলেছিল, যদি তুমি রাজনীতিতে যাও, তাহলে আমাকে আর মা বলে ডাকবে না। সেই কথা শোনার পর আমি বুঝলাম, রাজনীতিতে যাওয়া সম্ভব নয়। আমার একমাত্র সন্তান যা চায়, তাই করতেই হবে।’
অনামিকা আরও জানান, ‘সত্যি বলতে, আমি রাজনীতির জটিলতা বোঝার মধ্যে নেই। আমি সরল, সিধে মানুষ। আমাকে অভিনয় করতে দাও ,একটা চরিত্র দাও, তার ওপর মন দিয়ে ভাবব, আর প্রাণ দিয়ে অভিনয় করব। কিন্তু রাজনীতি আমার মধ্যে নেই, এটা আমার জন্য নয়।’


