কলকাতা: রাজ্যের এসআইআর প্রক্রিয়া শেষের দিকে ফর্ম-৭ (Form-7) কে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় মৃত বা স্থানান্তরিত হওয়ার কারণে কারও নাম তালিকা থেকে বাদ দিতে হলে ফর্ম-৭ জমা দিতে হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল সেই ফর্মই জমা দিতে দিচ্ছে না। এই নিয়ে শুক্রবার দিনভর বিক্ষোভ-অবস্থান করে বিজেপি।
অন্যদিকে, মৃত ভোটারদের হাজির করে কমিশনের বিরুদ্ধে গরমিলের অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও ফর্ম-৭ (Form-7) প্রত্যাখ্যান করা যাবে না বলে শনিবার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
রাজ্যের ডিইও (DEO) মারফত এই নির্দেশ দেন মুখ্য নির্বাচন আধিকারিক। পাশাপাশি, ERO, AERO-দের ক্ষমতাশীল কোনও ব্যক্তি বা রাজনৈতিক চাপের কারণে ফর্ম ৭ প্রত্যাখ্যান করা যাবে না বলে দিরদেশ কমিশনের। এই ঘটনায় তৃণমূলের বড় ধাক্কা বলে মনে করছে বিরোধী মহল।
ফর্ম ৭ নিয়ে বিজেপির বিক্ষোভ
বস্তুত, মৃত ও স্থানান্তরিত ভোটারদের তালিকা থেকে নাম বাদ দিতে ফর্ম-৭ জমা করার শেষ তারিখ ছিল ১৫ জানুয়ারি। বৃহস্পতিবার থেকে এই ফর্ম ৭ জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, আলিপুরদুয়ার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। এরপরেই নির্দেশিকা জারি করে ফর্ম-৭ (Form-7) জমা করার শেষ তারিখ ১৯ জানুয়ারি করা হয়।


