Aaj India Desk,ঝাড়গ্রাম: চূড়ান্ত ভোটার তালিকায় (Final Voter List) নামের পাশে ‘বিচারাধীন’ কেন – এই প্রশ্নের জেরেই এক বুথ লেভেল অফিসার (BLO)-কে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এল। ঘটনাটি ঝাড়গ্রাম শহরের জঙ্গলখাস প্রাইমারি স্কুলের ২২৪ নম্বর বুথকে ঘিরে।
ওই বুথের বিএলও নির্মলেন্দু মাহাতোর দাবি, শনিবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘২০০২ সাল থেকে সমস্ত নথি জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ কেন দেখানো হয়েছে? এমন মারব যে কল্পনাও করতে পারবেন না।’
হুমকির এই ঘটনার পরই তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। সেখান থেকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। নির্দেশ মেনে রবিবার ঝাড়গ্রাম থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্মলেন্দু মাহাতো।
ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত ও শুরু হয়েছে।
ফোন নম্বর থেকে বিএলও-কে ( BLO) হুমকি দেওয়া হয়েছিল, সেটির সূত্র ধরেই সামনে আসে এক নতুন তথ্য। খোঁজ নিয়ে জানা যায়, নম্বরটি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শেখ ইসলামের। তাঁর দিদি মেহেরজান বিবি সংশ্লিষ্ট বুথেরই ভোটার। বর্তমানে ঝাড়গ্রামের নৃপেণপল্লিতে দিদির বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করেন শেখ ইসলাম।
ভোটার তালিকায় দিদির নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি ফোন করেছিলেন বলে স্বীকার করেন। শেখ ইসলামের কথায়, ‘২০০২ সাল থেকে প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার পরেও দিদির নাম বিচারাধীন দেখানো হয়েছে। রাগের মাথায় ভুল কথা বলে ফেলেছি। আমি ওঁর কাছে ক্ষমাপ্রার্থী।’
ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনও নড়েচড়ে বসেছে। ঝাড়গ্রামের এসডিপিও (SDPO) শামিম বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


