কলকাতা: একসময় অধীরের (Adhir Ranjan Chowdhury) গড় হিসেবে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্রে ২০২৪ লোকসভা ভোটে ঘাসফুল ফুটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম অধ্যুষিত জেলায় ইউসুফ পাঠানকে প্রার্থী করে মুর্শিদাবাদে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন মমতা, বলেই মনে করে বিশেষজ্ঞ মহল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজের জমি ফেরাতে তাই রমজানের আগে মরিয়া হয়ে উঠেছেন কংগ্রেসের দাপুটে বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ।
ঈদ উপলক্ষে মুসলিমদের জন্য ঢালাও প্রস্তাবনা
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। মার্চের ২১ তারিখ বাংলায় ঈদ পালনের সম্ভাব্য তারিখ। তার আগে রাজ্য সরকারের কাছে একগুচ্ছ প্রস্তাব রাখলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । ঈদ উপলক্ষে রাজ্য সরকারকে টানা ৩ দিনের ছুটি ঘোষণার আর্জি জানালেন তিনি।
সেইসঙ্গে রমজান মাসকে সামনে রেখে একাধিক প্রশাসনিক উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বিশেষ রেশন বরাদ্দ, বাজারদর নিয়ন্ত্রণে পৃথক টাস্ক ফোর্স গঠন, ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা।
এছাড়াও ঈদের আগে অতিরিক্ত ট্রেন ও বাস পরিষেবা চালুর পাশাপাশি ঈদ সপ্তাহে গুরুত্বপূর্ণ পরীক্ষা নির্ধারণ না করার আহ্বান জানানো হয়েছে। রোজা পালনকারী কর্মীদের সুবিধার্থে সাময়িকভাবে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার দাবিও তুলেছেন অধীর।
হুমায়ুনকে টেক্কা?
প্রসঙ্গত, ২০২৬ বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ ঝড় তুলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির। মুখে ধর্মনিরপেক্ষে দল হিসেবে প্রচার করলেও মূলত মুর্শিদাবাদের মুসলিম ভোটকে কেন্দ্রীভূত করতেই হুমায়ুনের ‘বাবরি মাস্টার প্ল্যান’ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বাম-জোট ত্যাগ করে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই আবহে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও মুর্শিদাবাদে নিজের মাটি পুনরুদ্ধারে মুসলিমদের প্রতি অধীরের (Adhir Ranjan Chowdhury) এই উদারতা, বলেই মনে করা হচ্ছে।


