কলকাতা: শেষ হয়েও হইল না শেষ? শনিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় শুনানির (SIR hearing) শেষদিনে এসআইআর শুনানির (SIR hearing) সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিক। শুনানি শেষ করতে অন্তত ১০ দিনের বাড়তি সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন তিনি, বলে জানা গিয়েছে। পাশাপাশি মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিমের নির্বাচনী আধিকারিকরাও মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন।
তথ্যগত অসঙ্গতির তালিকায় লক্ষাধিক নাম!
জানা গিয়েছে, বেহালা পশ্চিমে প্রায় ১৬ হাজার ২৮২ জনের শুনানি বাকি। অন্যদিকে, মেটিয়াবুরুজে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে ৮৬ হাজার ৭৫৪ জনের নাম। শুনানি (SIR hearing) বাকি ২৪ হাজার ৭৪৭ জনের। পাশাপাশি মগরাহাটে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় ৭৮ হাজার ৩০৯ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। ক্যানিং পূর্বের তালিকা তো আরও লম্বা। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ১ জনের নাম। ইআরও জানিয়েছেন, শুনানি শেষ হলেও ডকুমেন্ট আপলোডে সময় লাগবে।
তিনদিনের মেয়াদ বৃদ্ধি?
শনিবার বিকেলে এসআইআর শুনানির (SIR hearing) শেষ হলেও জেলায় জেলায় এখনও শুনানির কাজ বাকি রয়েছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় সময়সীমা বাড়িয়ে ১০ ফেব্রুয়ারি করার আবেদন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনানির সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিতে পারেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণও ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।


