Aaj India Desk, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট নিযুক্ত বিচারকদের তত্ত্বাবধানে শুরু হল SIR-এর চূড়ান্ত যাচাই প্রক্রিয়া (Final Voter List)। প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে। তবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ করতে হবে, সময় হাতে মাত্র চার দিন। প্রায় ৭০ লক্ষ ভোটারের তথ্য যাচাই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে।
প্রথম দিনেই OTP-সহ একাধিক প্রযুক্তিগত সমস্যা সামনে আসে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, অধিকাংশ সমস্যাই মিটিয়ে ফেলা হয়েছে এবং প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগোচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটারদের তথ্যের অসঙ্গতি খতিয়ে দেখে তার নিষ্পত্তি করবেন হাইকোর্ট নিযুক্ত বিচারকরা। প্রতিটি আবেদনের ক্ষেত্রে গ্রহণ বা বাতিলের নির্দিষ্ট পদ্ধতি মেনে সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যাখ্যানের কারণও স্পষ্টভাবে জানাতে হবে।
এদিকে, হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, SIR সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট প্রতিদিন আদালতে জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। সময়সীমা মেনে কাজ শেষ করাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।
সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পর থেকেই টানা বৈঠক করছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব এবং শীর্ষ প্রশাসনিক কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সোমবারও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
সেই বৈঠকে বিচারিক আধিকারিকরা কীভাবে নথি যাচাই করবেন, আবেদন গ্রহণ ও বাতিলের প্রক্রিয়া কী হবে এবং ভবিষ্যতে কী নিয়ম মেনে এগোনো হবে তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর।
এখন নজর ২৮ ফেব্রুয়ারির দিকে। নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৭০ লক্ষ ভোটারের তথ্য যাচাই করে চূড়ান্ত তালিকা (Final Voter List) প্রকাশ করা নির্বাচন কমিশনের কাছে বড় প্রশাসনিক পরীক্ষা বলেই মনে করা হচ্ছে।


