Aaj India Desk , শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri )শহরে কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবলকে বেল্ট দিয়ে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শিলিগুড়ি জংশন (Siliguri Junction)এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশাল দাস, অর্জুন মাহাতো, অজয় মাহাতো,রামদেব মাহাতো । এদের মধ্যে বিশাল দাস, অর্জুন মাহাতো ও অজয় মাহাতো শিলিগুড়ি পৌরসভার, ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত রামদেব মাহাতোর বাড়ি কালিয়াগঞ্জ এলাকায়। ঘটনায় ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
জানা গিয়েছে, রাতে রাস্তার মাঝখানে মদ্যপ অবস্থায় স্কুটি দাঁড় করিয়ে অসভ্য আচরণ করছিল ওই চার যুবক। সেই সময় দায়িত্বরত এক ট্রাফিক কনস্টেবল এক সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে তাদের সেখান থেকে সরাতে গেলে বচসা বাধে। অভিযোগ, সেই সময় যুবকেরা নিজেদের প্যান্টের বেল্ট খুলে কনস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক মারধর করে। বেল্টের বাকলের আঘাতে ওই পুলিশকর্মীর মাথায় গুরুতর চোট লাগে।
ঘটনার পর সঙ্গে থাকা সিভিক ভলেন্টিয়ার অন্য ট্রাফিক পুলিশকর্মীদের খবর দেন এবং বিষয়টি জানানো হয় প্রধান নগর থানায় ( Pradhan Nagar Police Station)-এ। তবে এরই মধ্যে অভিযুক্তরা স্কুটি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে এবং অভিযান চালিয়ে চারজনকেই গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, প্রাণনাশের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা জারি করা হয়েছে।
শনিবার তাদের শিলিগুড়ি কোর্ট (Siliguri Court) -এ তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেরই প্রশ্ন, যদি কর্তব্যরত পুলিশকর্মীকেই মারধরের শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?


