স্নেহা পাল, কলকাতা: রাজ্য বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ৪ শতাংশ DA ঘোষণার কথা জানান। কিন্তু তারপরেও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় ২০২৬ সালের অন্তর্বর্তী বাজেট পেশের পর এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, DA সংক্রান্ত বিষয়টি আর বিচারাধীন নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে তা নিষ্পত্তি হয়ে গেছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার DA মামলাকে ‘পেন্ডিং’ বলে উল্লেখ করছেন, যা বাস্তবসম্মত নয়।
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, “DA মামলা আর বিচারাধীন নেই। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, সরকারি কর্মীদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। কীভাবে DA ও বকেয়া পরিশোধ করতে হবে, তার পূর্ণ রূপরেখা আদালত দিয়েছে।”
তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে DAর অন্তত ২৫ শতাংশ বকেয়া পরিশোধ না হলে আইনি পদক্ষেপের পথ খোলা রয়েছে। মার্চ মাসের মধ্যে সেই অর্থ না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনার কথাও তিনি ইঙ্গিত দেন।
DA প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের পে কমিশন নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, রাজ্যে কার্যত কোনও পূর্ণাঙ্গ পে কমিশন নেই। “সারা দেশে যেখানে অষ্টম পে কমিশনের প্রস্তুতি চলছে, সেখানে পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ পে কমিশনের কাজই সম্পূর্ণ হয়নি,” বলেন তিনি।
উল্লেখ্য, রাজ্যে ষষ্ঠ পে কমিশন গঠিত হয়েছিল ২০১৫ সালের ২৭ নভেম্বর। সাধারণত কেন্দ্র ও রাজ্যে প্রায় দশ বছর অন্তর পে কমিশন গঠনের রীতি থাকলেও, সেই প্রক্রিয়া সময়মতো সম্পন্ন না হওয়ায় রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মীর বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।


