কলকাতা: সিপিএম বিজেপির পর প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। মঙ্গলবার কালীঘাটের বাসভবন থেকে প্রার্থী তালিকা প্রকাশ করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বিজেপি, সিপিএমের মত ধাপে ধাপে নয়, এদিন এক্সঙ্গেই ২৯৪ আসনের প্রার্থী নাম জারি করল তৃণমূল। সাংবাদিক বৈঠকের শুরুতেই বলেন, “আমাদের দলের চিহ্নতেই রয়েছে ভিক্টরি (জয়)।”
“এত ভয় কেন?”
বৈঠকের শুরুতেই বিজেপিকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “এত ভয় কেন?” সেইসঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, “বিজেপির কথায় রাতারাতি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি, সিপি সেন্ট্রাল বদলে দিলেন! নির্বাচন ঘোষণা হলেও কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে।” আগের থেকে বিজেপির আসন কমবে, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। “এজেন্সি দিয়ে কলকাঠি নারছে বিজেপি” কটাক্ষ ছোঁড়েন মমতা। এদিনের সাংবাদিক বৈঠকে ফের গ্যাসের ঘাটতি নিয়ে তোপ দাগেন তিনি।
‘বিবেচনাধীন’ তালিকা নিয়ে কি বললেন মমতা?
প্রার্থী তালিকা ঘোষণার আগে রাজ্যের বিবেচনাধীন তালিকা নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মাথায় রাখবেন, মানুষের ভোটারাধিকার এখনও আদালতে বিচারাধীন। আমরা চেষ্টা করছি, আমি নিজে মানুষের ভোটারাধিকার ফেরানোর চেষ্টা করছি”। এদিন নির্বাচন কমিশনকে ‘মেঘনাদ’ বলেও কটাক্ষ করেন মমতা।
নামোল্লেখ না করে জ্ঞানেশ কুমারকে ইঙ্গিত করে তিনি বলেন, “যিনি মেঘের আড়াল থেকে বিজেপিকে সাহায্য করে যাচ্ছেন, আপনি টিকিট নিয়ে ভোটে লড়ুন না। খালি তো বিজেপির হয়ে ভোটে লড়া বাকি আছে!” রাজ্যে কোনও সমস্যা হলে, “বিজেপির টুটি চিপে” ধরতে বললেন মমতা। ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস ২২৬ আসনে জিতবে বলে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


