25 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

শিক্ষক-সঙ্কটে ধুঁকছে ২০০ বছরের হিন্দু স্কুল! প্রতিবাদে পথে পড়ুয়া সহ SFI

স্নেহা পাল, কলকাতা: শিক্ষক-সঙ্কটের (Teacher shortage) জেরে চরম সমস্যায় পড়েছে কলকাতার ২০০ বছরের ঐতিহ্যবাহী সরকার পোষিত হিন্দু স্কুল (Hindu School)। পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস করানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে অভিযোগ। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার স্কুল চত্বরে পথে নামে বামপন্থী ছাত্র সংগঠন SFI, সাথে পড়ুয়া ও অভিভাবকদের একাংশও অংশ নেন এই বিক্ষোভে।

১৮টির বেশি শূন্যপদ, এক শিক্ষকেই চলছে ক্লাস

SFI এর দাবি, হিন্দু স্কুলের ডে বিভাগের তিনটি সেকশনে মোট ৪৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে ১৮টিরও বেশি পদ শূন্য। ইংরেজি, অর্থনীতি ও রসায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একজন করে শিক্ষক দিয়েই কোনওরকমে পাঠদান চলছে। শরীরশিক্ষার জন্য কোনও শিক্ষক নেই। অঙ্কের এক শিক্ষক স্বতঃপ্রণোদিতভাবে সেই দায়িত্ব সামলাচ্ছেন বলে অভিযোগ।

শিক্ষক-ঘাটতির (Teacher shortage) কারণে একাধিক ক্ষেত্রে দু’টি সেকশন একসঙ্গে নিয়ে ক্লাস করাতে হচ্ছে। অঙ্ক বিভাগেও সমস্যা তীব্র। আগে যেখানে পাঁচ জন শিক্ষক ছিলেন, সম্প্রতি একজন অবসর নিয়েছেন। বাকি চার জনের মধ্যে দু’জনের অন্যত্র বদলির নির্দেশ এসেছে।

পড়ুয়াদের বক্তব্য অনুযায়ী তাদের নিয়মিত ও মানসম্মত পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং বহু পড়ুয়া ক্রমশ স্কুলবিমুখ হয়ে পড়ছে। স্কুল কর্তৃপক্ষ একাধিকবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে সমস্যার কথা জানালেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্মারকলিপিতে সাড়া না মেলায় ক্ষোভ

এই অবস্থায় বুধবার বর্তমান পড়ুয়াদের অভিভাবকদের একাংশ বিকাশভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষামন্ত্রী উপস্থিত না থাকায় তাঁর আপ্ত সহায়ক ও এক আধিকারিক সেই স্মারকলিপি গ্রহণ করেন। কয়েকজন অভিভাবকের অভিযোগ, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা বিস্তারিত আলোচনায় আগ্রহ দেখাননি।

SFI এর তরফে জানানো হয়েছে, অবিলম্বে শূন্যপদে শিক্ষক নিয়োগ এবং বদলির নির্দেশ প্রত্যাহার না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। স্কুলের পঠন-পাঠন স্বাভাবিক করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে তারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন