Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া অঞ্চলের ১৭৩ নম্বর বুথে দ্বিতীয় সম্পূরক ভোটার তালিকা (Supplementary Voter List) প্রকাশের পরই তৈরি হয়েছে বিক্ষোভ। প্রায় সমস্ত মতুয়ার নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা।
ক্ষোভে মতুয়া ভোটাররা
শুক্রবার গভীর রাতে প্রকাশিত দ্বিতীয় সম্পূরক ভোটার তালিকায় দেখা যায়, চাঁদপাড়ার ১৭৩ নম্বর বুথে ১৮৬ জনের মধ্যে ১৮৩ জনের নাম বাদ পড়েছে। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে ভোট দিয়ে আসার পরও হঠাৎ করে নাম বাদ পড়ায় তারা বিস্মিত ও উদ্বিগ্ন। ধাকুরিয়া এলাকার বাসিন্দা দেবপ্রসাদ বালা বলেন, “আমরা বহুদিন ধরে ভোট দিচ্ছি। তবুও আমাদের নাম বাদ পড়েছে। আমাদের পাড়ার প্রায় সবার নামই নেই।” বয়স্ক বাসিন্দা লক্ষ্মীরানি সিং লস্করের প্রশ্ন, “আমি বহু বছর ধরে ভোট দিয়েছি, সরকারি সুবিধাও পাই। ১৯৬৫ সালের কাগজপত্রও জমা দিয়েছি। তাহলে কেন নাম বাদ গেল?” আরেক বাসিন্দা নিরঞ্জন শীল বলেন, “পুরো পরিবারের নাম বাদ পড়েছে। এখন কী করব বুঝতে পারছি না।”
পাশাপাশি অনেক বাদ পড়া ভোটারই জানিয়েছেন, কমিশনের ট্রাইব্যুনালে কীভাবে আবেদন করতে হয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই। ফলে সময় পেরিয়ে যাচ্ছে অনিশ্চয়তার মধ্যে।
রাজনৈতিক চাপানউতোর
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস অভিযোগ করেন, “মতুয়াদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে এখন তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।” অন্যদিকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ দাবি করেন, “বিএলওদের সঙ্গে তৃণমূলের যোগসাজশে নাম বাদ পড়ছে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছি।”
এর আগেও বাগদায় ৪৩ জনের মধ্যে ৪২ জন আন্ডারট্রায়ালের নাম বাদ পড়ার ঘটনাও সামনে আসে। ফলে বনগাঁ মহকুমা জুড়ে অসন্তোষ বাড়ছে বলেই জানা যাচ্ছে। ভোটের আগে এই ধরনের নাম বাদ পড়ার ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও উদ্বেগ বাড়ছে। মতুয়া সম্প্রদায়ের একাংশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আন্দোলনের পথে যেতে পারে। আসন্ন বিধানসভা ভোটে তা কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার।


