Aaj India Desk, দুর্গাপুর : দুর্গাপুর স্টিল টাউনশিপের ১০টি কেরোসিন (kerosene) ডিপোতে হঠাৎই দেখা দেয় তেলের ঘাটতি। এই অমিল ঘিরেই সামনে আসে বড় অভিযোগ। ডিএসপি এমপ্লয়িজ কনজিউমার্স কো-অপারেটিভ থেকে উধাও প্রায় ১৬ হাজার লিটার কেরোসিন !
দুই দফায় তেল তোলা হলেও শূন্য ডিপো
কো-অপারেটিভ সূত্রে জানা গিয়েছে, উখড়া এলাকার এক ডিলারের কাছ থেকে প্রথমে ৪০৬২ লিটার এবং পরে আরও প্রায় ১২ হাজার লিটার কেরোসিন (kerosene) তোলা হয়। অভিযোগ, এই তেল নির্ধারিত ১০টি ডিপোতে পৌঁছায়নি। ফলে প্রশ্ন উঠছে, তেল কোথায় গেল?
কেরোসিন বিভাগের ডিরেক্টর শঙ্কর সরকারের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেছেন কো-অপারেটিভের সচিব নন্দদুলাল বৈরাগ্য। সাত দিনের মধ্যে ১৬ হাজার লিটার তেলের অবস্থান ও বণ্টনের হিসাব দিতে বলা হয়েছে।
অভিযোগ অস্বীকার শঙ্কর সরকারের
শঙ্কর সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “জানুয়ারিতে তেল তোলা হয়নি। ফেব্রুয়ারিতে তোলা হয়েছে এবং ধাপে ধাপে দেওয়া হচ্ছে। মঙ্গলবারও কিছু সরবরাহ হয়েছে, আগামী দিনেও হবে।” তবে তিনি স্বীকার করেন, তেল এখনও ডিপো বা ডিলারদের গুদামে মজুত নেই। তাঁর বক্তব্য, “আমরা তেল তুলেছি, কিন্তু তা সরাসরি গুদামে মজুত করার প্রশ্ন নেই।”
তবে ডিপোগুলিতে তেল না পৌঁছনোর অভিযোগ থেকেই যাচ্ছে। সূত্রের দাবি, তেলের একটি অংশ খোলা বাজারে বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মহলে কেরোসিন (kerosene) কালোবাজারির অভিযোগও উঠেছে। ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ১৩ লক্ষ ৬০ হাজার টাকার অনিয়মের অভিযোগ সামনে এসেছে। প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা হয়নি। তবে বিষয়টি নিয়ে শিল্পাঞ্চলে আলোচনা তুঙ্গে। এখন নজর কো-অপারেটিভ বোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকে।


