কলকাতা: স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিনে আদর্শ আর দর্শনের বদলে রাজনীতির পোস্টারই যেন প্রধান আকর্ষণ। একদিকে ব্যানারে লেখা ‘স্বাগতম যুবরাজ’, অন্যদিকে স্বামীজির নামে জুড়ে দেওয়া স্লোগান—‘গর্ব করে বলো আমি হিন্দু’। জন্মদিনের শ্রদ্ধা পরিণত হল রাজনৈতিক তরজায়। মানুষের কথা বলা সাধকের স্মৃতিতেও আজ বিভাজনের ভাষা, আদর্শের জায়গায় দলীয় প্রতিযোগিতা—স্বামীজির জন্মদিনেও রাজনীতি নিজের ছায়া ফেলতে ছাড়ল না।
স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬৩ তম জন্মবার্ষিকীতে তিলোত্তমায় নয়া রাজনৈতিক বিতর্ক। সোমবার ১০৫ বিবেকানন্দ রোডে স্বামীজির মূর্তির আশেপাশে “স্বাগতম যুবরাজ” লেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পোস্টারকে কেন্দ্র করে নতুন করে শাসকদলকে বিঁধল বিজেপি। এক্সের পোস্টে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে একটি সুদীর্ঘ পোস্টে লেখা হয়, “স্বামীজির পৈতৃক বাড়ির সামনে স্বাগতম যুবরাজ পোস্টার কেবল দৃষ্টিকটুই নয়, স্বামী বিবেকানন্দের আদর্শ, ভাবধারার উপর সরাসরি আক্রমণ!”
অন্যদিকে এই অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিজেপির প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এদিন সকালে বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। পোস্টার নিয়ে শাসকদলের বিরুদ্ধে তাঁর কটাক্ষ, “স্বামীজিই আসল যুবরাজ। আর কেউ যুবরাজ নন”। পাশাপাশি সুকান্ত বলেন, একসময় যেখানে স্বামীজি ঘুরে বেড়াতেন, এখন সেখানে কয়লা, গরু চোরেরা ঘুরে বেড়ায়।
তৃণমূলের পাল্টা তোপ
অন্যদিকে, বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের মুখপাত্র অরূপ বিশ্বাস বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একসময় বিবেকানন্দকে কনফিউজড লেফটিস্ট বলেছিলেন। সেই বিজেপির মুখে বিবেকানন্দ নিয়ে জ্ঞান শুনব না”। পাশাপাশি, বিজেপির হোর্ডিংয়ে স্বামীজির বাণী হিসেবে ‘গর্ব করে বলো আমি হিন্দু’ লেখার অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।তাঁর পাল্টা বক্তব্য, “গর্ব করে বলো আমি মানুষ।”
পাশাপাশি হোর্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তাঁকে ‘যুবরাজ’ বলে উল্লেখ করা নিয়ে ওঠা প্রশ্নও উড়িয়ে দিয়ে শশী পাঁজা বলেন, অনুগামীরা জনপ্রিয় নেতাকে যেভাবে দেখতে চান, সেটাই তাঁদের ভালোবাসার প্রকাশ—এতে কারও অপমানের কিছু নেই।


