কলকাতা: ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদ! সকাল ৮ টা থেকেই খেলা দেখাতে শুরু করছে সূর্য। দুপুর ১২ টা নাগাদ রোদের তেজ এতটাই যে রীতিমত হাঁসফাঁস করছে শহরবাসী। সন্ধ্যের দিকে একটু হাওয়া দিলেও প্যাচপ্যাচে গরম অনুভব করছে তিলোত্তমা। সকলের মুখে এখন একটাই কথা, “এবার মারাত্মক গরম পড়তে চলেছে।” সামনেই বাঙালি নববর্ষ। কেমন থাকবে বঙ্গের আবহাওয়া (Weather Update)?
কেমন গরম কলকাতায়?
রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াল। যদিও তা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম বলে জানাচ্ছে IMD। তবে,সপ্তাহের শুরুর দিনে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। উল্টে চরচর করে বাড়বে গরম। আবহাওয়া অফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার। রোদের তেজও থাকবে ভালোই।
এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি হবে (Weather Update) বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, বাতাসে আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এর ফলে দিনের বেলায় গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আজ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের মধ্যে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আকাশ মূলত পরিষ্কার বা আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না। এদিকে, কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টির আগাম নির্দিষ্ট পূর্বাভাস এখনই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, কারণ এই ধরনের ঝড় সাধারণত হঠাৎ স্থানীয় আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভর করে গড়ে ওঠে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিন কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়তে পারে। এর প্রধান কারণ পশ্চিম ও মধ্য ভারতের দিক থেকে আসা গরম ও শুষ্ক বায়ুপ্রবাহ, যা এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধিতে বড় ভূমিকা নিচ্ছে। পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমে যাচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরমের তেজ থাকলেও স্বস্তিতে উত্তরবঙ্গ। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে (Weather Update) বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
ফলে, আগামী কয়েকদিন জুড়ে গরম ও শুষ্ক আবহাওয়াই প্রাধান্য পাবে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম বা একেবারেই নেই (Weather Update)। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, যার ফলে বিচ্ছিন্নভাবে হালকা ঝড় বা স্বল্প সময়ের বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


