কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lokkhir Bhandar)! মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা ঢুকিয়ে বিধানসভা ভোটে বাজিমাত করেছিলেন তিনি। সেই ৫০০ টাকা থেকে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার অঙ্ক দুই ধাপে বেড়ে বর্তমানের হয়েছে ১৫০০। বাংলার মহিলাদের হাতে নগদ টাকার সেই অস্ত্র এবার বিজেপিও ব্যবহার করছে।
গতকাল অর্থাৎ, শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। আর সেখানেই ক্ষমতায় এলে বাংলার মা-বোনেদের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের (Lokkhir Bhandar) “ডবল” অর্থাৎ ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম শিবির। এদিকে নির্বাচনী প্রচারে বহু তৃণমূল নেতা-কর্মী, প্রার্থীকে বলতে শোনা যাচ্ছে, বাংলায় বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তবে এবার আর তা নয়। সরাসরি তৃণমূলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট হল চাঞ্চল্যকর ঘোষণা!
যেটার ভয় ছিল সেটাই হল?
এবার আর কোনও স্থানীয় নেতা-কর্মী বা টিকিট প্রাপ্ত প্রার্থী নয়! “লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ” বলে পোস্ট করা হল খোদ তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে! যেখানে লেখা হয়, “জরুরী ঘোষণা! আজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার (Lokkhir Bhandar) বন্ধ”! তবে এখানেই শেষ নয়। পোস্টটিতে এরপর লেখা হয়, “হ্যাঁ, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এমনটাই ঘটবে। আপনার দেওয়া একটি ভুল ভোট বাংলার ২.৪২ কোটি নারীর মাসিক আর্থিক সহায়তা কেড়ে নিতে পারে।
X Link: https://x.com/AITCofficial/status/2042875918348177798
আমাদের মা, মেয়ে ও বোনেদের ভবিষ্যৎ, মর্যাদা এবং নিরাপত্তা বিপন্ন হয়ে পড়বে। বাংলার নারীরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সুবিধা পেতে থাকবেন, নাকি অন্ধকারের মুখে পড়বেন! আপনার একটি ভোটই তা নির্ধারণ করে দেবে। ভোট দেওয়ার আগে ভেবে দেখুন।”
যদিও, ভোটের আগে তৃণমূল-বিজেপির ভয়ের রাজনীতি নিয়ে চিন্তিত বিশেষজ্ঞ মহল। একদিকে যেমন শাসকদলের তরফে আমজনতাকে ‘ভয় দেখানো হচ্ছে’ যে বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস, লক্ষ্মীর ভাণ্ডার (Lokkhir Bhandar), বাংলায় কথা বলা, বাংলার সংস্কৃতি বন্ধ হয়ে যাবে। অন্যদিকে বিজেপি ‘ভয় দেখাচ্ছে’ জনবিন্যাস পরিবর্তন, বাংলার সংস্কৃতি পরিবর্তন, অনুপ্রবেশ ইত্যাদির।
কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভয়ের রাজনীতি করে পাওয়া ফলাফল সাময়িক লাভ হতে পারে। কিন্তু আমজনতার ভয় পাওয়ারও একটা সীমা আছে। অতিরিক্ত ভয় দেখালে ভয়কে আর ভয় লাগে না। পশ্চিমবঙ্গের রাজনীতি যেদিকে এগোচ্ছে তাতে ছাব্বিশের ভোট ভয় দেখিয়ে পেরিয়ে গেলেও এটা সুদূরপ্রসারী নির্বাচনী অস্ত্র নয়।


