Aaj India Desk, কলকাতা: বসন্তকাল হলেও আবহাওয়ায় (Weather) একেবারে বর্ষার ছোঁয়া। বুধবার দিনভর দফায় দফায় বৃষ্টি হয়েছে, রাতেও তার রেশ কাটেনি। বৃহস্পতিবার সকালে উঠে দেখা গেল আকাশ মেঘে ঢেকে রয়েছে, রোদের দেখা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Forecast), আজও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে, সঙ্গে থাকতে পারে কালবৈশাখীর ঝড়ও।
আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা অবস্থান করছে, একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তেলঙ্গানার উপরেও। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যার প্রভাবেই এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে দমকা হাওয়া ও মাঝারি বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে সপ্তাহান্তে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। যদিও সোমবার ও মঙ্গলবার আবার কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়া মোটামুটি শুকনোই থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমবে, যদিও সপ্তাহজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকতে পারে। সপ্তাহের শেষে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আপাতত চৈত্র মাসে তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ ডিগ্রির নীচেই থাকার সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত শহরের আবহাওয়া বেশ মনোরমই রয়েছে।


