নয়াদিল্লি: বিশ্বকাপ টি-২০ স্থান পরিবর্তনের দাবী নিয়ে আইসিসির ভোটাভুটিতে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। আগের নির্ধারিত সূচী অনুযায়ী ভারতেই টি২০ বিশ্বকাপ (World Cup T-20) খেলতে হবে বাংলাদেশকে, বলে বৈঠকে জানানো হয়। এরপর ‘বল’ মূলত বাংলাদেশের কোর্টেই ছিল। বৃহস্পতিবার বিসিবির তরফে জানানো হয়, তাঁরা আগের সিদ্ধান্তেই অনড়। ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ (Bangladesh)।
যদিও, এই সিদ্ধান্তের কারণে তারা যে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেতে পারে, তা জানা সত্ত্বেও আইসিসির সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষাতেই থাকবে বাংলাদেশ বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এদিন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির (ICC) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বলেন, “আইসিসি আমাদের প্রতি সুবিচার করেনি।” নজরুলের দাবি, বিষয়টি শুধুমাত্র ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর স্পষ্ট বার্তা, “আমরা মাথা নত করব না। বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে, তার অর্থ কী—তা সকলেরই বোঝা উচিত। কোনও পরিস্থিতিতেই খেলোয়াড়দের নিরাপত্তার সঙ্গে আপস করা হবে না।”
বাংলাদেশের স্থান নিতে পারে স্কটল্যান্ড
আইসিসি সম্ভবত বাংলাদেশকে (Bangladesh) বাদ দিয়ে স্কটল্যান্ডকে ফেব্রুয়ারি ৭ থেকে শুরু হওয়া ১৬-দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে (World Cup T-20) অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। বৃহস্পতিবার আইসিসির তরফে জানানো হয়েছে, তারা গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়েছে। যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা।
আইসিসি (ICC) আরও জানায়, এই সময়কালে তারা স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যু-ভিত্তিক বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চয়তা শেয়ার করেছে, যা সবসময়ই স্পষ্ট করেছে যে ভারতের মধ্যে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য কোনও বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।
“আমাদের উদ্বেগ অন্যায্য নয়”
অন্যদিকে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে ভারতের মাটিতে বাংলাদেশী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অন্যায্য নয়।


