Aaj India Desk, আহমেদাবাদ : ভারত-নিউজিল্যান্ড টি২০ বিশ্বকাপ ফাইনালের (T20 World Cup final) আগে উত্তেজিত ক্রিকেটপ্রেমী। তবে সেই উত্তেজনার বশে দুই হাজারের টিকিট কেনা হচ্ছিল ১২,০০০ টাকায়। রবিবার ফাইনালের ঠিক আগে কালোবাজারে অতিরিক্ত দামে এই টিকিট বিক্রির চক্রকেই গ্রেপ্তার করে পুলিশ।
আহমেদাবাদ সিটি ক্রাইম ব্রাঞ্চ একটি গোপন সূত্রের ভিত্তিতে উসমানপুরার গুজরাত বিদ্যাপীঠ এসটি বাস স্ট্যান্ডের কাছে ফাঁদ পাতে। সেখানে বিপিন ভাটি ও ঋত্বিক যাদব নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে টি২০ বিশ্বকাপ ফাইনালের (T20 World Cup final) আগাম বুক করা আটটি ম্যাচ টিকিট উদ্ধার করা হয়েছে। অভিযোগ, তারা প্রতিটি ২ হাজার টাকার টিকিট ১০ হাজার টাকায় বিক্রি করার পরিকল্পনা করছিল। এর পাশাপাশি সাবরমতী এলাকার কাছে অভিযান চালিয়ে ১৯ বছরের পৃথ্বী পাতনি নামে এক যুবককে গ্রেফতার করে জোন-২ লোকাল ক্রাইম ব্রাঞ্চ। তিনি অনলাইনে টিকিট কিনে ১০-১২ হাজার টাকায় বিক্রির চেষ্টা করছিলেন। তার কাছ থেকেও আটটি টিকিট উদ্ধার করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে আরেক অভিযানে বান্স শাহ নামে এক ব্যক্তিকে আটক করে সাবরমতী পুলিশ। তার কাছ থেকে দুটি টিকিট উদ্ধার করা হয়েছে। তিনি ২ হাজার টাকার টিকিট ১১ হাজার টাকায় বিক্রি করছিলেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে গুজরাট পুলিশ আইনের ৩৩(১)(এক্স) এবং ১৩১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ফাইনাল ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের প্রবেশদ্বারে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে গেট ১ এবং গেট ২-এর কাছে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ এলাকা তৈরি করা হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় বা পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ম্যাচ দেখতে এক লক্ষেরও বেশি দর্শক উপস্থিত থাকতে পারেন।
এদিকে, ক্রিকেট ইতিহাসেও এই ফাইনাল গুরুত্বপূর্ণ। ভারত ও নিউজিল্যান্ড এই প্রথমবার আইসিসি-র তিনটি আলাদা ফরম্যাটের ফাইনালে মুখোমুখি হচ্ছে। এর আগে ২০০০ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল এবং ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই দল খেলেছিল। পরিসংখ্যান বলছে, টি২০ বিশ্বকাপের(T20 World Cup final) ইতিহাসে এখনো পর্যন্ত নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। দুই দলের তিনটি ম্যাচেই জয় পেয়েছে কিউইরা, যার সর্বশেষটি ২০২১ সালে। ফাইনাল ঘিরে ইতিমধ্যেই আহমেদাবাদে ক্রিকেটপ্রেমীদের ভিড় বাড়তে শুরু করেছে।


