নয়াদিল্লি: বুধবার আইসিসির (ICC) বৈঠকে মুখ পুড়ল বাংলাদেশের (Bangladesh)! ধোপে টিকল না বিসিবির (BCB) দাবী। আগের নির্ধারিত সূচী অনুযায়ী ভারতেই টি২০ বিশ্বকাপ (World Cup T-20) খেলতে হবে বাংলাদেশকে। এদিন ভোটাভুটিতে ১৪/২ ভোটে হার হয় বাংলাদেশের। ভোটাভুটির পর সমাজমাধ্যমে আইসিসির তরফে জানানো হয়েছে, আইসিসি টি-২০ বিশ্বকাপ নির্ধারিত সূচী অনুযায়ীই হবে। তাতে কোনও পরিবর্তন হবে না।
অর্থাৎ, এবার ভারতের মাটিতে নিজের দলকে পাঠাবে কিনা, বাংলাদেশকে সেই সিদ্ধান্ত নিতে হবে। সূত্রের খবর, বাংলাদেশ ভারতে খেলতে না আসতে চাইলে তাদের টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া হবে।
খেলোয়াড়দের নিরাপত্তার ‘দাবী’ ধোপে টিকল না
প্রসঙ্গত, ভারতে খেলোয়াড়দের নিরাপত্তার কারণ দর্শীয়ে আইসিসিকে (ICC) চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি টি-২০ বিশ্বকাপে (World Cup T-20) তাদের ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার দাবী জানিয়েছিল বিসিবি (ICC)। কিন্তু আইসিসির কাছে তাদের দাবী ধোপে টেকেনি। বরং বলা হয় সমীক্ষা অনুযায়ী, ভারতে খেলতে এলে বাংলাদেশ ক্রিকেট টিমের পাশাপাশি বিসিবি কর্তা, সাংবাদিক বা সমর্থকদেরও কোনও সমস্যায় পড়তে হবে না। কিন্তু এভাবে বিশ্বকাপের সূচী পরিবর্তন করলে পরবর্তীকালে তা খারাপ উদাহরণ হিসেবে থেকে যাবে।
মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিসিবি
প্রসঙ্গত, আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশী খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে রাখা নিয়ে প্রশ্ন তোলে বিজেপির একাংশ। এরপর আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়। কার্যত এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই বিশ্বকাপ ভারতের মাটিতে খেললে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ।


