Aaj India Desk,কলকাতা: সোমবার বিকেলে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি আছড়ে পড়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা শুনে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মুখে চিন্তার ছাপ। কারণ, আজই ইডেন গার্ডেন্সে(Eden Gardens) মাঠে নামার কথা তাদের প্রিয় দল কেকেআর(KKR)-এর।
মাঠে নামার আগেই যদি বৃষ্টি শুরু হয়, তাহলে কেকেআর (KKR) বনাম পাঞ্জাব কিংস (Punjab Kings)-এর ম্যাচ ভেসে যেতে পারে। যা কিনা শুধুই খেলার আনন্দ নয়, হাজার হাজার টাকা খরচ করে কেনা টিকিটও হতে পারে উধাও। এ ভাবনা কেকেআর ভক্তদের মন খারাপ করেছে।
সরাসরি মাঠে যাওয়া দর্শকরা কিংবা টিভির সামনে বসে থাকা ভক্তরাও ঝড়ের আভাস পেয়ে উদ্বিগ্ন। এ ধরনের আবহাওয়া কেবল ম্যাচকে প্রভাবিত করবে না, বরং ক্রিকেটের উৎসবের রোমাঞ্চকেও ছিন্ন করে দিতে পারে।
গতবছর ও ইডেন গার্ডেন্সে এ কেকেআর বনাম পাঞ্জাব কিংস-এর ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। পাঞ্জাব প্রথম ব্যাটিং করে ২০১ রান তুলে, কেকেআর যখন সেই রানের টার্গেট তাড়া করতে নামল, কেবল প্রথম ওভারই খেলতে পারল ঠিক তখনই ঝাঁপিয়ে পড়ে বৃষ্টি।
ফলে, প্রিয় দলের দুরন্ত ব্যাটিং দেখার সুযোগ, কিংবা জয় উদযাপনের আনন্দ কিছুই হয়নি কেকেআর ভক্তদের। শেষ পর্যন্ত দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছিল।এবারও, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, সেই পুরনো দৃশ্য আবারই পুনরাবৃত্তির ভয় উস্কে দিচ্ছে। পাঞ্জাব ম্যাচের উপর ঝড় বৃষ্টির থাবা পড়তে পারে, আর কেকেআর ভক্তদের মনে আবারও অস্বস্তির ছায়া নেমে আসছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহভর ঝড়বৃষ্টির দাপট অনুভূত হতে পারে। রবিবার শহরের একাধিক এলাকায় বৃষ্টি নেমেছিল, আর হাওয়া অফিস জানিয়েছে, সোমবারও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হতে পারে।বিশেষত বিকেল বা সন্ধ্যার সময় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কেকেআর বনাম পাঞ্জাব কিংস-এর ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা কম নয়।
তবে ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায় আত্মবিশ্বাসী, তিনি জানিয়েছেন, খেলা চলার উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন।তবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ও অনিশ্চয়তার মিশ্রণে দিনটি কাটতে যাচ্ছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি বৃষ্টি হয়, খেলাকে সর্বাধিক এক ঘণ্টা পর্যন্ত পিছিয়ে আনা যায়। অর্থাৎ, রাত সাড়ে ৮টা পর্যন্ত পুরো ম্যাচ শুরু করার জন্য অপেক্ষা করা হবে।এরপর ওভার সংখ্যা কমতে শুরু করবে, তবে সর্বনিম্ন পাঁচ ওভারের খেলা সম্ভব। এই পরিস্থিতিতে খেলা শেষ করার সর্বশেষ সময় রাত ১০টা ৫৬ মিনিট। তবে এর জন্য রাত ১০টা ৪১ মিনিটের মধ্যে টস করা বাধ্যতামূলক।অর্থাৎ, যদি টস ১০টা ৪১ পর্যন্ত না হয়, তাহলে ম্যাচ বাতিল ঘোষিত হবে।
তবে যারা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছেন, তাদের জন্যও উদ্বেগ আছে। নিয়ম অনুযায়ী, যদি ম্যাচে একটাও বল না হয়, তবে টিকিটের দাম ফেরত পাওয়া যায়, তখন ট্যাক্স ও সার্ভিস ফি ফেরত হয় না, এবং সাধারণত ১০-১৫ দিনের মধ্যে রিফান্ড আসে। কিন্তু যদি ম্যাচ মাঝপথে বাতিল হয়, যেমন গতবছরের পাঞ্জাব ম্যাচে হয়েছিল, তখন কোনও রিফান্ড মিলবে না। অর্থাৎ প্রিয় দলের খেলা না দেখার হতাশার সঙ্গে সঙ্গে টিকিটের অর্থও ফিরে আসবে না।


