21.1 C
Kolkata
Thursday, March 5, 2026
spot_img

শাস্তি লাঘব মোহনবাগানের : যুবভারতীর ম্যাচে মিলল ‘আংশিক’ স্বস্তি!

Aaj India Desk, কলকাতা : দর্শক অসদাচরণের অভিযোগে প্রথমে পূর্ণ স্টেডিয়াম বন্ধের নির্দেশ দিলেও শেষ পর্যন্ত ছাড় পেলো মোহনবাগান (Mohun Bagan)। মঙ্গলবার রাতেই পুনর্বিবেচনার পর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) নিজের সিদ্ধান্ত বদলে বুধবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে।

রিভিউ পিটিশনে স্বস্তি বাগানের

এর আগে কেরালা ম্যাচে দর্শকদের একাধিক অসদাচরণের জেরে AIFF মোহনবাগানকে (Mohun Bagan) জরিমানা করে এবং পরবর্তী হোম ম্যাচ সম্পূর্ণ বন্ধ স্টেডিয়ামে খেলার নির্দেশ দেয়। এই সিদ্ধান্ত কার্যকর হলে ডিমি পেত্রাতোস ও জেসন কামিন্সদের খালি গ্যালারির সামনে খেলতে হতো। কিন্তু গতকাল রাতেই ক্লাবের রিভিউ পিটিশনের ভিত্তিতে মত পাল্টায় ফেডারেশন।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্পূর্ণ বন্ধের পরিবর্তে স্টেডিয়ামের নির্দিষ্ট অংশ খোলা থাকবে। নির্দিষ্ট গ্যালারিতে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ আগামী ৬ মার্চ ওডিশা এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট অর্ধেক দর্শকের সমর্থন পাবে।

পুরনো ঘটনার জেরেই কঠোরতা

বিবৃতিতে জানানো হয়েছে, গতবছরের ৩ জুন থেকে ডিসিপ্লিনারি কমিটি মোহনবাগানকে এক বছরের জন্য পর্যবেক্ষণে রেখেছিল। ২০২৪-২৫ ISL মরশুমে একাধিক দর্শক বিশৃঙ্খলার ঘটনার পর এই শাস্তি ঘোষণা করা হয়। বিশেষ করে গত বছর ১২ এপ্রিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে আতশবাজি ছোড়ার অভিযোগ ওঠে। হোম গ্যালারি থেকে ছোড়া একটি প্রজেক্টাইল বেঙ্গালুরু এফসির সমর্থক ও এক কর্মকর্তার দিকে আঘাত করে। সেই সময় ‘স্টেডিয়াম ক্লোজার’ শাস্তি এক বছরের জন্য স্থগিত রাখা হয়।

পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে আবারও হোম সমর্থকদের পাইরোটেকনিক ব্যবহারের একাধিক ঘটনা নথিভুক্ত হয়। এটিকে AIFF ডিসিপ্লিনারি কোডের ৬৭ নম্বর ধারা ও আইএসএল লিগ রুলস লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়। সেই সূত্রেই পূর্ণ স্টেডিয়াম বন্ধের নির্দেশ জারি হয়।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ 

ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি এম. সত্যনারায়ণা বলেন, “মোহনবাগান (Mohun Bagan) পুনর্বিবেচনার আবেদন করেছিল। সমর্থকরা গুরুত্বপূর্ণ হলেও দর্শকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।”

পাশাপাশি ক্লাব মালিক সঞ্জীব গোয়েঙ্কা সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ ঘোষণা করেছেন। ওডিশা ম্যাচের জন্য প্রত্যেক সমর্থককে বিনামূল্যে দুটি করে টিকিট দেওয়ার কথা জানানো হয়েছে। আংশিক নিষেধাজ্ঞার মধ্যেই এই সিদ্ধান্তে নির্দিষ্ট গ্যালারি পূর্ণ থাকবে বলে ক্লাব সূত্রে আশা প্রকাশ করা হয়েছে। ৬ মার্চের ম্যাচে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত অংশেই দর্শক প্রবেশ করতে পারবেন। তবে ওইদিন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছে ফেডারেশন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন