Aaj India Desk, কলকাতা: জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজিত ইস্টবেঙ্গল (East Bengal)। ম্যাচে ভুল, চোট সমস্যা এবং বিতর্কিত রেফারিং, সব মিলিয়ে হতাশ লাল-হলুদ শিবির। এর মাঝেই রমজান মাসে বিকেল ৫টায় ম্যাচ নির্ধারণ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ জানালেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।
জামশেদপুর ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal) শুরুতে এগিয়ে গিয়েছিল। তবে একাধিক ভুলের সুযোগ নিয়ে প্রতিপক্ষ ম্যাচে ফেরে। শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া করতে হয় কলকাতার দলকে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোচ বলেন, “আমরা রেফারির একটি ভুল সিদ্ধান্তের শিকার হয়েছি। জামশেদপুরের প্রথম গোলটি অফসাইড ছিল। সাধারণত রেফারিং নিয়ে কথা বলি না, কিন্তু ওই গোল না হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।”
এর পাশাপাশি রমজান মাসে বিকেল ৫টায় ম্যাচ সূচি নির্ধারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ব্রুজো জানান, রমজান শুরু হওয়ার পর থেকেই ইস্টবেঙ্গলের ম্যাচ ৫টায় রাখা হচ্ছে, অথচ রমজান শেষে আবার সন্ধ্যার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, “আমাদের দলে পাঁচজন মুসলিম ফুটবলার রয়েছে। প্রায় ১২ ঘণ্টা রোজা রেখে এই গরমে ৫টায় খেলা সহজ নয়। বিষয়টি বিবেচনা করা উচিত।”
তিনি জানান, ক্লাবের পক্ষ থেকে আগেই AIFF কে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। বিশেষ করে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটি সন্ধ্যা ৭.৩০-এ করার অনুরোধ করা হয়। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার বিকেল ৫টাতেই সেই ম্যাচের সূচি নির্ধারিত হয়।
তবে ফেডারেশন সূত্রে ইঙ্গিত, সম্প্রচার চুক্তি, পূর্বনির্ধারিত লিগ সূচি এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার কারণে ম্যাচের সময় পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে একই দিনে আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচার ও স্টেডিয়াম ব্যবহারের সময়সূচির সমন্বয় রাখতে গিয়ে সূচিতে বদল আনা কঠিন বলে জানা গেছে। ফলে ইস্টবেঙ্গলের আবেদন বিবেচনায় থাকলেও, তাৎক্ষণিকভাবে সময় পরিবর্তনের সম্ভাবনা কম বলেই ফেডারেশনের মত।
উল্লেখ্য, আগের ম্যাচে হারের পর ইস্টবেঙ্গল (East Bengal) শীর্ষকর্তা দেবব্রত সরকারও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। লিগের গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সামনে এখন ঘুরে দাঁড়ানোই প্রধান চ্যালেঞ্জ।


